ইউয়ানের ঊর্ধ্বগতি ঠেকাতে সুদ বাড়াচ্ছে চীন
চীনের ব্যাংকে ডলারের আমানতে সুদের হার ৪ শতাংশের বেশি

চীনের কয়েকটি ব্যাংক ডলারে আমানতের সুদের হার উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে। কোনো কোনো ব্যাংকে এই হার যুক্তরাষ্ট্রের ব্যাংকগুলোর সুদের হারের কাছাকাছি বা তার চেয়েও বেশি। ডলারে আমানত আকৃষ্ট করার পাশাপাশি চীনা মুদ্রা ইউয়ানের দীর্ঘদিনের ঊর্ধ্বগতি কিছুটা নিয়ন্ত্রণে রাখতেই এমন পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে ধারণা করছেন ব্যাংকার ও অর্থনীতিবিদরা।
আজ সোমবার (৯ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, রাষ্ট্রায়ত্ত, যৌথ মালিকানাধীন ও বিদেশি—ছয়টির বেশি ব্যাংক সাম্প্রতিক সপ্তাহগুলোতে ডলারের আমানতের সুদের হার বাড়িয়েছে। এসব ব্যাংকে সুদের হার ২০২৩ সালের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। কয়েক মাসের ব্যবধানে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোতে ডলারের আমানতের সুদের হার প্রায় ১২০ বেসিস পয়েন্ট বেড়েছে।
একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে গত কয়েক মাসে সুদের হার প্রায় ৮০ বেসিস পয়েন্ট বেড়ে অক্টোবরের শেষ দিকে সর্বোচ্চ ৪ দশমিক ৫ শতাংশে পৌঁছেছে। যুক্তরাষ্ট্রের ব্যাংকগুলোতে এ হার প্রায় ৪ দশমিক ৮ শতাংশ। অন্য একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে ৫০ হাজার ডলারের বেশি আমানতের ক্ষেত্রে এক বছরের সুদের হার ৪ শতাংশ ছাড়িয়েছে।
অন্যদিকে, চীনের বড় রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোতে ইউয়ানে আমানতের সুদের হার কমে দাঁড়িয়েছে মাত্র ০ দশমিক ৯৫ শতাংশে। ব্যাংকগুলোর মুনাফার ওপর চাপ কমানো এবং অভ্যন্তরীণ ব্যয় বাড়াতে ইউয়ানে আমানতের সুদের হার কমানো হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ব্যাংকারদের মতে, ডলারে বেশি সুদ পাওয়ার সুযোগে রপ্তানিকারক ও সাধারণ গ্রাহকেরা ডলার জমা রাখছেন। এতে রপ্তানিকারকদের ডলার বিক্রি করে ইউয়ানে রূপান্তরের প্রবণতা কমতে পারে। ফলে ইউয়ানের ওপর ঊর্ধ্বমুখী চাপও কিছুটা কমবে।
চীনের মুদ্রা ইউয়ান ২০২৫ সালের শুরু থেকে ডলারের বিপরীতে প্রায় ১০ শতাংশ শক্তিশালী হয়েছে। গত সপ্তাহে প্রতি ডলারের বিপরীতে ইউয়ানের বিনিময় হার চার বছরের মধ্যে সর্বোচ্চ ৬ দশমিক ৬৪৪৯-এ পৌঁছায়। ইউয়ানের এই শক্তিশালী অবস্থান রপ্তানিকারকদের মুনাফায় চাপ তৈরি করছে।
চীনের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এক কর্মকর্তা রয়টার্সকে বলেন, বর্তমান বিনিময় হার রপ্তানিকারকদের জন্য খুব একটা সুবিধাজনক নয়। ডলারকে ইউয়ানে রূপান্তরের চাপ এড়াতে ব্যাংকগুলো বেশি সুদের মাধ্যমে সহায়তা করতে পারে।
এদিকে, চীনের কেন্দ্রীয় ব্যাংক পিপলস ব্যাংক অব চায়না (পিবিওসি) গত মঙ্গলবার ব্যাংকগুলোর বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংরক্ষণের হার বাড়ানোর ঘোষণা দিয়েছে। ইউয়ানের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে এটি দেশটির সাম্প্রতিক পদক্ষেপগুলোর একটি।
আন্তর্জাতিক ব্যাংকিং প্রতিষ্ঠান আইএনজির বৃহত্তর চীন অঞ্চলের প্রধান অর্থনীতিবিদ লিন সং বলেন, ডলারে বেশি সুদের হার নির্ধারণের মাধ্যমে ব্যাংকগুলো ডলারের আমানত ধরে রাখতে এবং ডলারের তহবিলের স্থিতিশীলতা বজায় রাখতে চাইতে পারে। এতে রপ্তানিকারকেরা তাদের জমা করা ডলার ইউয়ানে রূপান্তর করতে নিরুৎসাহিত হতে পারেন, যা ইউয়ানের মূল্যবৃদ্ধির চাপ কমাতে সহায়তা করবে।
চীনের বৈদেশিক মুদ্রার আমানতও বেড়েছে। দেশটির কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরের শেষে বৈদেশিক মুদ্রার আমানত রেকর্ড ১ দশমিক ২ ট্রিলিয়ন ডলারে পৌঁছেছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১৭ দশমিক ৭ শতাংশ বেশি।
বিশ্লেষকদের মতে, ডলারে আমানতের সুদের হার বাড়ানোর ফলে চীনের ব্যাংকগুলোতে ডলারের প্রবাহ বাড়তে পারে। একই সঙ্গে রপ্তানিকারকদের মুনাফার ওপর ইউয়ানের শক্তিশালী অবস্থানের প্রভাব কিছুটা কমানোর সুযোগ তৈরি হতে পারে।



