
নাইজেরিয়ার দক্ষিণাঞ্চলে সামরিক বাহিনীর একটি বিমান বিধ্বস্ত হয়ে ৩২ জন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে ২৫ জন যাত্রী ও ৭ জন ক্রু সদস্য ছিলেন বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট বোলা টিনুবু।
ডয়চে ভেলের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার ৫ অক্টোবর নাইজেরিয়ার অর্থনৈতিক কেন্দ্র লাগোসের উদ্দেশে একটি নিয়মিত মিশনে ছিল বিমানটি। স্থানীয় সময় সকাল ৯টার দিকে দেশটির অনডো প্রদেশের ইগবোকোডা এলাকায় বিমানটির সঙ্গে রাডারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
নাইজেরিয়ার এভিয়েশন বিষয়ক মন্ত্রী ফেসটাস কেয়ামো জানান, উড্ডয়নের কিছুক্ষণ পরই বিমানটির সঙ্গে রাডারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়। পরে এডো প্রদেশ থেকে লাগোস যাওয়ার পথের মাঝামাঝি এলাকায় বিমানটির বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া যায়।
নাইজেরিয়ার একটি নৌঘাঁটির কাছ থেকে বিমানটির ধ্বংসাবশেষ শনাক্ত করা হয়েছে। দেশটির বিমানবাহিনী জানিয়েছে, দুর্ঘটনাকবলিত বিমানটি এটিআর-৪২ মডেলের। দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু করা হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, উদ্ধারকারী দলের সদস্যরা নৌকায় করে দুর্ঘটনাস্থলে পৌঁছানোর চেষ্টা করছেন। এ সময় সেখানে স্থানীয় বাসিন্দা ও উৎসুক জনতার ভিড়ও দেখা যায়।
স্থানীয় এক বাসিন্দা জানান, বিমানটি বিধ্বস্ত হওয়ার সময় কয়েকটি গাছ ভেঙে যায়। পরে ঘটনাস্থল থেকে কয়েকজনের দেহাবশেষ, কিছু জামাকাপড় ও জুতা পাওয়া গেছে।



