বিএমইটির ছাড়পত্র নিয়েও রক্ষা নেই, লাওসে গিয়ে কোম্পানিই পেলেন না ২০ বাংলাদেশি!
প্রতারণার অভিযোগ দুই রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে; জরুরি হস্তক্ষেপ চেয়ে প্রতিমন্ত্রীর কাছে আবেদন
বৈধভাবে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) ছাড়পত্র নিয়ে কর্মসংস্থানের উদ্দেশ্যে লাওসে গিয়েও চাকরি পাননি ২০ বাংলাদেশি কর্মী।
তাঁদের অভিযোগ, রেস্টুরেন্টে কাজ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে পাঠানো হলেও দেশটিতে পৌঁছানোর পর সংশ্লিষ্ট কোম্পানির কোনো খোঁজ পাননি তাঁরা।
আড়াই মাসের বেশি সময় ধরে কাজ, খাবার ও নিরাপদ আবাসন ছাড়াই মানবেতর জীবনযাপন করছেন এসব কর্মী।
পরিস্থিতি এতটাই সংকটাপন্ন যে, বাসাভাড়া পরিশোধ করতে না পারায় ২৩ নভেম্বর তাঁদের বাসা ছেড়ে দেওয়ার চূড়ান্ত নোটিশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা। এতে বিদেশের মাটিতে আশ্রয়হীন হয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে তাঁদের মধ্যে।
এ ঘটনায় কর্মীদের নিরাপত্তা, খাবার ও আবাসনের ব্যবস্থা এবং দেশে নিরাপদে ফিরিয়ে আনার দাবিতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর কাছে লিখিত আবেদন করেছে অনির্বাণ সারভাইভার ভয়েস ফাউন্ডেশন বাংলাদেশ।
একই সঙ্গে প্রতারণার অভিযোগ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ারও দাবি জানিয়েছে সংগঠনটি।
ভুক্তভোগী কর্মীদের অভিযোগ, মেসার্স টি কে এন্টারপ্রাইজ (আরএল-১৫২৭) লাওসের সাউদারমানি সোল কোম্পানি লিমিটেডের নামে ৩০ জন কর্মী নিয়োগের চাহিদাপত্র সংগ্রহ করে।
পরে টি কে এন্টারপ্রাইজ (আরএল-১৫২৭), শাইনিং ওভারসিজ (আরএল-২৭১৬) এবং মধ্যস্থতাকারী কার্তিক খান্নার মাধ্যমে বিএমইটির ছাড়পত্র নিয়ে ২০২৬ সালের আগস্ট ও সেপ্টেম্বর মাসে বিভিন্ন সময়ে কর্মীদের লাওসে পাঠানো হয়।
কর্মীদের লাওসের ‘রেডিশন রেস্টুরেন্টে’ চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল বলে জানান তাঁরা। কিন্তু সেখানে পৌঁছানোর পর প্রতিশ্রুত কর্মস্থল ও কোম্পানির সন্ধান পাননি বলে অভিযোগ তাঁদের। ফলে বিদেশে গিয়ে কর্মসংস্থানের পরিবর্তে অনিশ্চয়তার মধ্যে পড়েন এসব বাংলাদেশি।
ভুক্তভোগীদের ভাষ্য অনুযায়ী, লাওসে পৌঁছানোর পর বাংলাদেশি প্রতিনিধি সৈকত তাঁদের রাজধানী ভিয়েনতিয়েনের আশপাশের একটি বাসায় রেখে চলে যান।
এরপর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তাঁদের কাজ, খাবার ও নিরাপদ আবাসনের কোনো কার্যকর ব্যবস্থা করা হয়নি।
বর্তমানে কর্মীরা অর্থ ও খাদ্যসংকটে দিন কাটাচ্ছেন। বাসাভাড়া পরিশোধ করতে না পারায় বাড়ির মালিক ২৩ নভেম্বর তাঁদের বাসা ছেড়ে দেওয়ার চূড়ান্ত নোটিশ দিয়েছেন বলে জানিয়েছেন তাঁরা। ফলে দ্রুত ব্যবস্থা না নেওয়া হলে যেকোনো সময় তাঁদের রাস্তায় থাকতে হতে পারে।
কর্মসংস্থানের আশায় বৈধ প্রক্রিয়ায় বিদেশে যাওয়া এসব মানুষের এখন প্রধান উদ্বেগ—কোথায় থাকবেন, কী খাবেন এবং কীভাবে নিরাপদে দেশে ফিরবেন।
ভুক্তভোগীদের আরও অভিযোগ, বাংলাদেশে থাকা মধ্যস্থতাকারী ও রিক্রুটিং এজেন্সির সঙ্গে যোগাযোগ করা হলে তাঁদের জানানো হয়, সংশ্লিষ্ট এজেন্সি অর্থ পরিশোধ না করায় কর্মীদের কাজ দেওয়া সম্ভব হচ্ছে না। এমনকি চাকরি পেতে নতুন করে টাকা দেওয়ার কথাও বলা হয়েছে বলে অভিযোগ করেছেন তাঁরা।
কর্মীদের দাবি, বিদেশে যাওয়ার জন্য প্রত্যেকে প্রায় ৬ লাখ টাকা ব্যয় করেছেন। এত টাকা খরচ করার পরও চাকরি না পাওয়া এবং নতুন করে অর্থ দেওয়ার চাপ তাঁদের সংকট আরও বাড়িয়ে দিয়েছে।
দীর্ঘদিন কাজ ও আয়ের ব্যবস্থা না থাকায় কয়েকজন কর্মী বাধ্য হয়ে অনিরাপদ ও অনিয়মিতভাবে কাজ খোঁজার চেষ্টা করছেন বলে জানিয়েছে অনির্বাণ সারভাইভার ভয়েস ফাউন্ডেশন।
এতে তাঁরা স্থানীয় অভিবাসন আইন লঙ্ঘন, শ্রমশোষণ এবং নতুন করে প্রতারণা বা মানবপাচারের ঝুঁকিতে পড়তে পারেন বলে উদ্বেগ প্রকাশ করেছে সংগঠনটি।
অনির্বাণ সারভাইভার ভয়েস ফাউন্ডেশনের সভাপতি মো. আল-আমিন নয়ন বলেন, মানুষ জীবিকার আশায় বৈধ প্রক্রিয়ায় বিদেশে যান।
কিন্তু কর্মস্থলে পৌঁছে যদি কাজ বা কোম্পানি না পান, খাবার ও থাকার জায়গা হারানোর ভয় থাকে, তাহলে তাঁদের নিরাপত্তার দায়িত্ব কে নেবে?
বিদেশে কর্মসংস্থানের নামে মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা নিয়ে তাঁদের এমন অনিশ্চয়তার মধ্যে ফেলে রাখা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
আমরা চাই, এই কর্মীদের অবিলম্বে নিরাপত্তা, খাবার ও আবাসন নিশ্চিত করা হোক এবং দায়ীদের জবাবদিহির আওতায় আনা হোক।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর কাছে পাঠানো আবেদনে অনির্বাণ জরুরি ভিত্তিতে সংশ্লিষ্ট বাংলাদেশ দূতাবাস বা দায়িত্বপ্রাপ্ত মিশনের মাধ্যমে ভুক্তভোগীদের বর্তমান অবস্থা যাচাই, নিরাপদ আবাসন ও খাদ্য সহায়তা নিশ্চিত করা এবং প্রতিশ্রুত কর্মসংস্থান বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানিয়েছে।
একই সঙ্গে কর্মসংস্থান নিশ্চিত করা সম্ভব না হলে তাঁদের নিরাপদে দেশে ফিরিয়ে আনা এবং অভিবাসন ব্যয় বাবদ প্রত্যেকের প্রদত্ত ৬ লাখ টাকা সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্সি ও দায়ীদের কাছ থেকে আদায় করে ফেরত দেওয়ার ব্যবস্থা করার দাবি জানানো হয়েছে।
আবেদনে টি কে এন্টারপ্রাইজ (আরএল-১৫২৭), শাইনিং ওভারসিজ (আরএল-২৭১৬) এবং সংশ্লিষ্ট মধ্যস্থতাকারীদের বিরুদ্ধে অভিযোগ তদন্ত করে প্রমাণের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হয়েছে।
অনির্বাণের পক্ষ থেকে বলা হয়েছে, বিদেশে কর্মসংস্থানের নামে প্রতারণার শিকার ব্যক্তিদের দ্রুত সুরক্ষা দেওয়া শুধু মানবিক দায়িত্ব নয় বরং নিরাপদ অভিবাসন নিশ্চিত করা এবং অসাধু নিয়োগকারী ও মধ্যস্থতাকারীদের জবাবদিহির আওতায় আনার জন্যও জরুরি।




একটি মন্তব্য