
সিরাজগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের ছেলে তানভির শাকিল জয়ের বিরুদ্ধে ২ কোটি ৮২ লাখ ৮৪ হাজার ২৪৯ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার (৬ অক্টোবর) দুদকের প্রধান কার্যালয়ে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। দুদকের উপপরিচালক আকতারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
দুদকের অনুসন্ধান প্রতিবেদনে বলা হয়েছে, তানভির শাকিল জয়ের নামে মোট ৫ কোটি ৬৫ লাখ ৮২ হাজার ৭৮৬ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ পাওয়া গেছে। এর মধ্যে স্থাবর সম্পদের পরিমাণ ২ কোটি ১০ লাখ টাকা এবং অস্থাবর সম্পদ ৩ কোটি ৫৫ লাখ ৮২ হাজার ৭৮৬ টাকা।
অনুসন্ধানে তাঁর নামে ১ কোটি ৩ লাখ ১৬ হাজার ৮৮০ টাকার দায়দেনার তথ্য পাওয়া গেছে। এই দায় বাদ দেওয়ার পর তাঁর নিট সম্পদের পরিমাণ দাঁড়ায় ৪ কোটি ৬২ লাখ ৬৫ হাজার ৯০৬ টাকা।
অন্যদিকে, আয়কর নথি পর্যালোচনা করে তানভির শাকিল জয়ের গ্রহণযোগ্য আয় পাওয়া গেছে ৪ কোটি ২৫ লাখ ৬২ হাজার ২৩২ টাকা। একই সময়ে তাঁর ব্যয়ের পরিমাণ ছিল ২ কোটি ৪৫ লাখ ৮০ হাজার ৫৭৫ টাকা। ফলে ব্যয় বাদ দেওয়ার পর নিট আয় দাঁড়ায় ১ কোটি ৭৯ লাখ ৮১ হাজার ৬৫৭ টাকা।
দুদকের হিসাব অনুযায়ী, তানভির শাকিল জয়ের নিট সম্পদ ও ব্যয় বাদে নিট আয়ের মধ্যে পার্থক্য ২ কোটি ৮২ লাখ ৮৪ হাজার ২৪৯ টাকা। এই অর্থকে তাঁর জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
এসব তথ্যের ভিত্তিতে তানভির শাকিল জয়ের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারায় মামলা করার অনুমোদন দিয়েছে দুদক।



