জাতীয়

রাষ্ট্রায়ত্ত ব্যাংক-প্রতিষ্ঠানে নতুন বেতন স্কেল কার্যকরের নির্দেশ

রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানগুলোতে জাতীয় বেতন স্কেল, ২০২৬ কার্যকরের প্রশাসনিক প্রক্রিয়া শুরু হয়েছে। এ জন্য নতুন বেতন স্কেলের গেজেট সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে পাঠিয়ে সে অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।

বুধবার (৭ অক্টোবর) আর্থিক প্রতিষ্ঠান বিভাগের প্রশাসন শাখা থেকে এ-সংক্রান্ত চিঠি জারি করা হয়।

চিঠিতে বলা হয়েছে, জাতীয় বেতন স্কেল, ২০২৬-এর আওতায় স্বশাসিত (পাবলিক বডিজ) ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোর জন্য অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে জারি করা গেজেটের কপি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে পাঠানো হয়েছে। গেজেট অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

এর আগে গত ১৭ সেপ্টেম্বর স্বশাসিত (পাবলিক বডিজ) ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোর জন্য জাতীয় বেতন স্কেল, ২০২৬-সংক্রান্ত গেজেট জারি করে অর্থ বিভাগ। ওই গেজেটের কপিই এবার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে পাঠানো হয়েছে।

আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব সারমিন সুলতানার সই করা চিঠিটি রাষ্ট্রায়ত্ত ছয়টি ব্যাংকসহ মোট আটটি প্রতিষ্ঠানে পাঠানো হয়েছে।

রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মধ্যে রয়েছে সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, অগ্রণী ব্যাংক, রূপালী ব্যাংক, বেসিক ব্যাংক এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি। এসব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে গেজেটের কপি পাঠানো হয়েছে।

এ ছাড়া দি সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন (বাংলাদেশ) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং বাংলাদেশ ইনসিওরেন্স একাডেমির পরিচালকের কাছেও গেজেটের কপি পাঠানো হয়েছে।

চিঠিতে জাতীয় বেতন স্কেল, ২০২৬-এর গেজেটের দুটি কপি সংযুক্ত করার কথাও উল্লেখ করা হয়েছে।

অর্থ বিভাগের ১৭ সেপ্টেম্বর জারি করা এসআরওর ভিত্তিতে স্বশাসিত (পাবলিক বডিজ) ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোর জন্য নতুন বেতন কাঠামো বাস্তবায়নের প্রশাসনিক কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো এখন গেজেটের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button