প্রবাসসৌদি আরব

কাজের ভিসা শেষ হওয়ার আগেই পরিবার নিতে পারবেন সৌদিতে

দক্ষ বিদেশি কর্মীদের পরিবার নিয়ে সৌদি আরবে যাওয়ার প্রক্রিয়া সহজ করেছে দেশটির সরকার। নতুন নিয়ম অনুযায়ী, কর্মীর কাজের ভিসার প্রক্রিয়া পুরোপুরি শেষ হওয়ার আগেই তাঁর পরিবারের সদস্যদের সৌদি আরবে আনার জন্য আবেদন করা যাবে।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এবং মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের সমন্বয়ে এ উদ্যোগ নেওয়া হয়েছে। মন্ত্রণালয় দুটি জানিয়েছে, সৌদি আরবে বসবাসরত মানুষের জীবনযাত্রার মান উন্নত করা এবং উচ্চদক্ষ বিদেশি কর্মীদের ভিসা-সংক্রান্ত প্রক্রিয়া আরও সহজ করাই এ উদ্যোগের লক্ষ্য।

নতুন নিয়মের আওতায় উচ্চদক্ষ বিদেশি কর্মীরা তাঁদের স্বামী বা স্ত্রী, ২৫ বছরের কম বয়সী ছেলেসন্তান এবং অবিবাহিত মেয়েসন্তানকে সৌদি আরবে নেওয়ার সুযোগ পাবেন। কর্মীর ওয়ার্ক ভিসার প্রক্রিয়া চলমান থাকা অবস্থাতেই পরিবারের সদস্যদের প্রবেশ ভিসা দেওয়া যেতে পারে।

ফলে পরিবারের সদস্যদের সৌদি আরবে নেওয়ার জন্য কর্মীর নিজের ওয়ার্ক ভিসা পুরোপুরি সম্পন্ন হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে না। তবে এ সুবিধা পেতে আবেদনের সময় নির্ধারিত সব শর্ত পূরণ করতে হবে।

মন্ত্রণালয় জানিয়েছে, প্রবাসী কর্মীদের পরিবারের সদস্যরা সৌদি আরবে পৌঁছানোর পর দেশটির প্রচলিত আইন ও বিধি অনুযায়ী তাঁদের রেসিডেন্স পারমিট দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করা যাবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button