প্রবাস

প্রবাসীরা বিদেশি বিনিয়োগ আনলে মিলবে আর্থিক প্রণোদনা

দেশে নতুন বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে বাংলাদেশি নাগরিক ও শতভাগ বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠানের জন্য আর্থিক পুরস্কারের ব্যবস্থা করেছে বর্তমান সরকার।

নতুন নীতিমালার আওতায় দেশে অন্তত ১০ লাখ মার্কিন ডলার বা সমপরিমাণ বৈদেশিক মুদ্রার ইক্যুইটি বিনিয়োগ আনতে পারলে বিনিয়োগের ১ দশমিক ২৫ শতাংশ হারে প্রণোদনা পাওয়া যাবে।

এ লক্ষ্যে ‘প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) প্রণোদনা স্কিম নীতিমালা, ২০২৬’ জারি করা হয়েছে। ২৫ নভেম্বর প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এসআরও নম্বর ৪২২-আইন/২০২৬-এর মাধ্যমে নীতিমালাটি গেজেটে প্রকাশিত হয়। ইনভেস্ট বাংলাদেশ আইন, ২০২৬-এর ২২ ধারার ক্ষমতাবলে প্রণীত নীতিমালাটি প্রকাশের দিন থেকেই কার্যকর হয়েছে।

১০ লাখ ডলারের বিনিয়োগে কত প্রণোদনা?

নীতিমালা অনুযায়ী, বাংলাদেশ ব্যাংকের অনলাইন মনিটরিং সিস্টেমে চূড়ান্তভাবে নথিভুক্ত নতুন এফডিআইয়ের বিপরীতে প্রণোদনা দেওয়া হবে। বিনিয়োগের পরিমাণের ১ দশমিক ২৫ শতাংশ হবে প্রণোদনার অর্থ।

অর্থাৎ, কেউ যদি বাংলাদেশে ১০ লাখ মার্কিন ডলারের নতুন ইক্যুইটি বিনিয়োগ আনতে ভূমিকা রাখেন, তাহলে তিনি ১২ হাজার ৫০০ ডলার প্রণোদনা পাওয়ার যোগ্য হতে পারেন।

একইভাবে ১ কোটি ডলারের বিনিয়োগ আনতে পারলে প্রণোদনার পরিমাণ হবে ১ লাখ ২৫ হাজার ডলার। তবে এসব ক্ষেত্রে নীতিমালার নির্ধারিত যোগ্যতা ও যাচাই-বাছাইয়ের শর্ত পূরণ করতে হবে।

কারা পাবেন এফডিআই প্রণোদনা?

 

নীতিমালার আওতায় প্রণোদনার জন্য আবেদন করতে পারবেন-

  • বাংলাদেশে বসবাসরত সব বাংলাদেশি নাগরিক
  • প্রবাসী বাংলাদেশি বা অনাবাসী বাংলাদেশি
  • বাংলাদেশি নাগরিকদের শতভাগ মালিকানাধীন নিবন্ধিত অংশীদারি প্রতিষ্ঠান
  • শতভাগ বাংলাদেশি মালিকানাধীন নিবন্ধিত লিমিটেড কোম্পানি

বিদেশি বিনিয়োগকারী বা বিনিয়োগকারী প্রতিষ্ঠানের সঙ্গে আবেদনকারীর স্বার্থের সংঘাত রয়েছে কি না, তা যাচাই করা হবে। আবেদনকারীকে বিনিয়োগ আকৃষ্ট করার ক্ষেত্রে নিজের সক্রিয় ও যাচাইযোগ্য ভূমিকার প্রমাণও দিতে হবে।

এ সুবিধা সব ধরনের বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে প্রযোজ্য নয়। নীতিমালায় স্পষ্ট করা হয়েছে, প্রণোদনা দেওয়া হবে কেবল নতুন ইক্যুইটি বিনিয়োগের বিপরীতে।

বিদ্যমান কোনো প্রতিষ্ঠানের শেয়ারহোল্ডার অতিরিক্ত শেয়ার কিনলে কিংবা আগের ব্যবসার উৎপাদন সক্ষমতা বাড়াতে বিনিয়োগ করলে এ প্রণোদনা পাওয়া যাবে না।

তবে কোনো বিদ্যমান বিনিয়োগকারী নিজের চলমান ব্যবসার বাইরে সম্পূর্ণ নতুন খাতে বিনিয়োগ করলে অথবা ভিন্ন কোনো কোম্পানিতে নতুন বিনিয়োগ আনলে তা প্রণোদনার জন্য বিবেচিত হতে পারে।

নীতিমালার কার্যকর হওয়ার আগে দেশে আসা ইক্যুইটি এফডিআইয়ের বিপরীতে কোনো প্রণোদনা দেওয়া হবে না।

বিনিয়োগের আগে নিবন্ধন বাধ্যতামূলক

প্রণোদনা পেতে আগ্রহী ব্যক্তি বা প্রতিষ্ঠানকে বিনিয়োগ সম্পন্ন হওয়ার আগেই ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের নির্ধারিত অনলাইন পোর্টালে প্রাক-নিবন্ধন করতে হবে।

প্রাক-নিবন্ধনের পর আবেদনকারীকে একটি স্বতন্ত্র ‘লিড রেজিস্ট্রেশন আইডি’ দেওয়া হবে। বিনিয়োগের অর্থ দেশে আসার পর এফডিআই এনক্যাশমেন্টের তারিখ থেকে ৩০ দিনের মধ্যে একই পোর্টালে চূড়ান্ত আবেদন জমা দিতে হবে।

আবেদনকারীর জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্ট, ই-টিআইএন সনদ, বিনিয়োগকারীর সঙ্গে যোগাযোগের প্রমাণ, বিনিয়োগকারীর সুপারিশপত্র এবং প্রয়োজনীয় ঘোষণাপত্রসহ নির্ধারিত কাগজপত্র জমা দিতে হবে।

আবেদন মূল্যায়নে কমপক্ষে ৭০ শতাংশ নম্বর পেতে হবে। বিনিয়োগ আকৃষ্ট করতে আবেদনকারীর বাস্তব ভূমিকা, বিনিয়োগের পরিমাণ ও প্রভাব এবং বিনিয়োগের স্থায়িত্বসহ বিভিন্ন বিষয় বিবেচনায় নেওয়া হবে।

প্রণোদনা বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করতে আবেদনকারী ও বিদেশি বিনিয়োগকারী বা বিনিয়োগ গ্রহণকারী প্রতিষ্ঠানের মধ্যে স্বার্থের সংঘাত থাকা চলবে না।

নীতিমালায় আবেদনকারীর সঙ্গে সংশ্লিষ্ট বিদেশি বিনিয়োগকারী বা যৌথ বিনিয়োগ প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক সম্পর্কের বিষয়ে বিধিনিষেধ রাখা হয়েছে। বিনিয়োগের আগের দুই বছরেও তাদের মধ্যে কোনো আনুষ্ঠানিক সম্পর্ক থাকা যাবে না।

এ ছাড়া আবেদনকারীর বিনিয়োগকারী বা বিনিয়োগ গ্রহণকারী প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্টতা যাচাই করা হবে। প্রতিষ্ঠানের কর্মী, শেয়ারহোল্ডার কিংবা বিনিয়োগের সঙ্গে আনুষ্ঠানিকভাবে যুক্ত ঘনিষ্ঠ ব্যক্তিদের ক্ষেত্রে প্রণোদনা পাওয়ার যোগ্যতা সীমিত হতে পারে।

অনুমোদিত প্রণোদনা একবারে দেওয়া হবে না। নির্ধারিত নিয়ম অনুযায়ী দুই ধাপে অর্থ বিতরণ করা হবে।

প্রথম ধাপে, আবেদন অনুমোদন এবং সংশ্লিষ্ট রেমিট্যান্স বা এফডিআই এনক্যাশমেন্ট নিশ্চিত হওয়ার পর মোট প্রণোদনার ৫০ শতাংশ দেওয়া হবে।

অবশিষ্ট ৫০ শতাংশ দেওয়া হবে এক বছর পর। তবে এ সময়ের মধ্যে কারখানা স্থাপন, যন্ত্রপাতি আমদানি অথবা বাণিজ্যিক কার্যক্রম শুরুর অগ্রগতি যাচাই করা হবে। পাশাপাশি বিনিয়োগের ইক্যুইটি বহাল রয়েছে কি না, সেটিও নিশ্চিত করতে হবে।

বিদেশি বিনিয়োগের অর্থ বৈধ উৎস থেকে এসেছে কি না, তা নিশ্চিত করতে আবেদন যাচাই-বাছাইয়ে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) সহায়তা নেওয়া হবে।

এ ছাড়া যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তর (আরজেএসসি) এবং বাংলাদেশ ব্যাংকের তথ্যের সঙ্গে বিনিয়োগের হিসাব মিলিয়ে দেখা হবে। নগদ অর্থ কিংবা তৃতীয় পক্ষের মাধ্যমে আসা বিনিয়োগ এ সুবিধার আওতায় পড়বে না।

বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে তৃতীয় পক্ষের নিরীক্ষার ব্যবস্থাও থাকবে। এর মাধ্যমে বিনিয়োগের প্রকৃত পরিমাণ, অর্থের উৎস এবং আবেদনকারীর ভূমিকা যাচাই করা হবে।

নীতিমালায় প্রণোদনা অনুমোদনের জন্য অর্থমন্ত্রীর নেতৃত্বে একটি জাতীয় পর্যালোচনা কমিটি গঠনের কথা বলা হয়েছে। এ কমিটি আবেদনগুলোর চূড়ান্ত অনুমোদন দেবে।

অন্যদিকে, অর্থ বিভাগের প্রতিনিধির নেতৃত্বে একটি কার্যনির্বাহী কমিটি আবেদন যাচাই-বাছাই ও মূল্যায়নের দায়িত্ব পালন করবে। প্রয়োজনে বিনিয়োগকারীর সঙ্গে সরাসরি যোগাযোগ করে আবেদনকারীর ভূমিকা যাচাই করা হতে পারে।

অর্থ বিভাগের ‘এফডিআই ইনসেনটিভ তহবিল’ থেকে অনুমোদিত ব্যাংকের মাধ্যমে স্থানীয় মুদ্রায় প্রণোদনার অর্থ দেওয়া হবে। তবে প্রবাসী বাংলাদেশিরা চাইলে প্রণোদনার অর্থ দেশের বাইরে পাঠাতে পারবেন।

নীতিমালার জবাবদিহি ও স্বচ্ছতা নিশ্চিত করতে ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষ প্রতিবছর একটি ডাটাবোর্ড প্রকাশ করবে। এতে প্রাপ্ত আবেদন, অনুমোদিত আবেদন, বিতরণ করা প্রণোদনার পরিমাণ এবং এফডিআই-সংক্রান্ত পরিসংখ্যান তুলে ধরা হবে।

পাশাপাশি জাতীয় পর্যালোচনা কমিটি প্রতিবছর নীতিমালাটি পর্যালোচনা করবে। এর মাধ্যমে দেশে নতুন বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার কার্যক্রম এবং প্রণোদনা ব্যবস্থার কার্যকারিতা মূল্যায়ন করা হবে।

প্রণোদনার আবেদন ফরম, লিড রেজিস্ট্রেশন ফরম্যাট ও বিস্তারিত নির্দেশনা ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

সম্পর্কিত খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button