জাতীয়

দুর্গাপূজায় ১৬৮ মণ্ডপে ডিএসসিসির ১৯ লাখ ৮০ হাজার টাকা অনুদান

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকার ১৬৮টি পূজা মণ্ডপকে মোট ১৯ লাখ ৮০ হাজার টাকা অনুদান দেওয়া হয়েছে।

মঙ্গলবার নগর ভবনের অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে পূজা মণ্ডপগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে এ অনুদানের অর্থ তুলে দেওয়া হয়। অনুদানের অর্থ হস্তান্তর করেন ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খয়বর রহমান।

অনুষ্ঠানে আবদুস সালাম বলেন, দেশকে রক্ষা করা এবং উন্নয়নের পথে এগিয়ে নিতে হলে সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে একসঙ্গে কাজ করতে হবে। বাংলাদেশ সবার এবং এ দেশের মানুষের সবচেয়ে বড় পরিচয় তারা বাংলাদেশি।

শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি নিয়ে ডিএসসিসি প্রশাসক বলেন, পূজা উপলক্ষে নগরজুড়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা নেওয়া হবে। প্রতিটি পূজা মণ্ডপের সীমানার ভেতরের সড়কবাতি সচল রাখা এবং ড্রেন ও নর্দমা পরিষ্কারের কাজ পূজার আগেই জরুরি ভিত্তিতে সম্পন্ন করা হবে।

তিনি আরও জানান, পূজার তিন দিন আগে থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নগর ভবনে সার্বক্ষণিক একটি নিয়ন্ত্রণকক্ষ চালু থাকবে।

অনুষ্ঠানে মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি গোপাল চন্দ্র দেবনাথ ডিএসসিসির উদ্যোগের প্রশংসা করেন। তিনি বলেন, অনুদানের অর্থের পরিমাণের চেয়ে বড় বিষয় হলো, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন শহরের সব পূজা মণ্ডপের প্রতিনিধিদের আমন্ত্রণ জানিয়ে যে মূল্যায়ন ও স্বীকৃতি দিয়েছে। এতে পূজার আনন্দ আরও বেড়েছে।

অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার সব পূজা মণ্ডপের আমন্ত্রিত প্রতিনিধিদের পাশাপাশি সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button