
রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার (৯ অক্টোবর) দিবাগত রাত সোয়া একটার দিকে মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি সেখানে ককটেল নিক্ষেপ করে পালিয়ে যান। এ ঘটনায় কেউ হতাহত হননি।
পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে আরেকটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে। পরে রাত আড়াইটার দিকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোমা নিষ্ক্রিয়করণ দল সেটি নিষ্ক্রিয় করে। এ ঘটনায় জড়িত দুই ব্যক্তিকে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
রাতে ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান ডিএমপির তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান।
তিনি বলেন, রাত সোয়া একটার দিকে মোটরসাইকেলে করে দুই ব্যক্তি ঘটনাস্থলে আসেন। সেখানে তাঁরা দুই থেকে তিন মিনিট অবস্থান করে আশপাশের পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। এরপর দুটি ককটেল নিক্ষেপ করে সেখান থেকে চলে যান।
পুলিশের তথ্য অনুযায়ী, ওই দুই ব্যক্তি আগারগাঁও হয়ে কাফরুল সড়কের দিকে চলে গেছেন। তাঁদের শনাক্ত করে গ্রেপ্তারে কাজ চলছে।
ঘটনার পর প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। পাশাপাশি ওই এলাকায় যান চলাচল নিয়ন্ত্রণের ব্যবস্থাও নেওয়া হয়েছে।



