
ওমানের জাতীয় দিবস উপলক্ষে ৩৪৪ জন বন্দিকে রাজকীয় ক্ষমা ঘোষণা করেছেন দেশটির সুলতান হাইথাম বিন তারিক।
গতকাল বৃহস্পতিবার (১৯ নভেম্বর ২০২৬) এ ক্ষমা ঘোষণার তথ্য জানায় রয়্যাল ওমান পুলিশ। ক্ষমা পাওয়া বন্দীদের মধ্যে ওমানের নাগরিকদের পাশাপাশি বিভিন্ন দেশের প্রবাসীরাও রয়েছেন।
বন্দীদের পরিবারের প্রতি মানবিক সহানুভূতি এবং জাতীয় দিবসের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতেই সুলতান এ উদার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে। এতে মুক্তির সুযোগ পাওয়া বিদেশি বন্দীদের পরিবারেও স্বস্তি ফিরে আসবে বলে আশা করা হচ্ছে।
ওমানে জাতীয় দিবস, ঈদুল ফিতর, ঈদুল আজহা এবং সুলতানের সিংহাসন আরোহণের বার্ষিকীর মতো গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় ও ধর্মীয় উপলক্ষে বন্দীদের রাজকীয় ক্ষমা করার দীর্ঘ ঐতিহ্য রয়েছে। মানবিক দৃষ্টিকোণ থেকে নেওয়া এ উদ্যোগের আওতায় সাধারণত কারাগারে ভালো আচরণ করা বন্দীদের মুক্তি দেওয়া হয়। এর মাধ্যমে তাঁরা সমাজের মূলধারায় ফিরে নতুন করে জীবন শুরু করার সুযোগ পান।
এদিকে জাতীয় দিবস ঘিরে পুরো ওমানজুড়ে বিরাজ করছে উৎসবের আমেজ। রাজধানী মাসকাটসহ দেশের বিভিন্ন শহরের প্রধান সড়ক, সরকারি-বেসরকারি ভবন ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো জাতীয় পতাকার লাল, সাদা ও সবুজ রঙের বর্ণিল আলোকসজ্জায় সাজানো হয়েছে।
দিনটি উদযাপনে দেশজুড়ে আয়োজন করা হয়েছে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান, ঐতিহ্যবাহী লোকনৃত্যসহ বিভিন্ন কর্মসূচি। সব মিলিয়ে জাতীয় দিবস ঘিরে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে ওমানজুড়ে।



