৬২ বছরে পদার্পণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সন্তান থেকে আজকের প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আজ শুক্রবার (২০ নভেম্বর) ৬২ বছরে পদার্পণ করেছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান তারেক রহমান ১৯৬৫ সালের ২০ নভেম্বর জন্মগ্রহণ করেন।
কঠোর শৃঙ্খলাবোধসম্পন্ন পিতা জিয়াউর রহমানের সন্তান তারেক রহমানের শৈশব কেটেছে সাধারণ ও সাদামাটা পরিবেশে। অনাড়ম্বর জীবনযাপন ছিল তাঁর পারিবারিক চর্চার অন্যতম বৈশিষ্ট্য।
স্কুলে যাওয়ার বয়স হলে মা-বাবা তাঁকে ঢাকা সেনানিবাসের শাহীন স্কুল অ্যান্ড কলেজে ভর্তি করান। সেখান থেকে কৃতিত্বের সঙ্গে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন। পরে উচ্চশিক্ষার জন্য ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে।
১৯৮৮ সালে আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে যুক্ত হন তারেক রহমান। পিতা জিয়াউর রহমানের জন্মস্থান বগুড়ার গাবতলী উপজেলায় বিএনপির প্রাথমিক সদস্যপদ গ্রহণের মধ্য দিয়ে তাঁর রাজনৈতিক পথচলা শুরু হয়।
পরবর্তী সময়ে সেনাসমর্থিত এক-এগারোর সরকারের আমলে গ্রেপ্তার ও নির্যাতনের শিকার হন তিনি। ওই সময় তাঁর বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয়। তবে প্রতিকূল পরিস্থিতির মধ্যেও রাজনীতির সঙ্গে সম্পৃক্ততা বজায় রাখেন তারেক রহমান।
দীর্ঘ প্রায় ১৬ বছর আওয়ামী লীগ সরকারের শাসনামলে দেশের রাজনৈতিক ও প্রশাসনিক কাঠামো সংস্কারের ধারণা সামনে আনেন তিনি। দীর্ঘ নির্বাসিত জীবন শেষে গত বছরের ২৫ ডিসেম্বর দেশে ফেরেন তারেক রহমান।
দেশে ফেরার পর জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ ও ঢাকা-১৭ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে উভয় আসনেই বিজয়ী হন তিনি। পরে ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
তারেক রহমানের পরিবার বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘদিনের পরিচিত একটি রাজনৈতিক পরিবার। তাঁর বাবা জিয়াউর রহমান রাষ্ট্রপতি এবং মা বেগম খালেদা জিয়া একাধিকবার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।



