একলাফে ভরিতে প্রায় ১১ হাজার টাকা কমল স্বর্ণের দাম
২২ ক্যারেটের স্বর্ণের ভরি এখন ২ লাখ ১ হাজার ১৪৬ টাকা

দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। একলাফে প্রতি ভরিতে ১০ হাজার ৯৬৪ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১ হাজার ১৪৬ টাকা।
শুক্রবার (২০ নভেম্বর) সকালে বাজুসের এক বিজ্ঞপ্তিতে নতুন দাম ঘোষণা করা হয়। সকাল ১০টা থেকেই নতুন এ দাম কার্যকর হয়েছে।
বাজুসের নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ১ হাজার ১৪৬ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯২ হাজার ১০৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৬৪ হাজার ৯৮৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩৪ হাজার ৮৩৬ টাকা।
এর আগে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে ২২ ক্যারেটের স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ১২ হাজার ১১০ টাকা।
এ নিয়ে টানা আট দফায় দেশের বাজারে স্বর্ণের দাম কমাল বাজুস। সব মিলিয়ে এই আট দফায় প্রতি ভরিতে স্বর্ণের দাম কমেছে ২৮ হাজার ৫১৮ টাকা।


