খেলা

আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনকে মেসির আইনি নোটিশ

ছবি ব্যবহারের অনুমতি ছাড়া বাণিজ্যিক প্রচার

আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের (এএফএ) সঙ্গে সম্পর্কের টানাপোড়েন এবার আইনি পর্যায়ে গড়িয়েছে বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসির। নিজের ছবি অনুমতি ছাড়া বাণিজ্যিক প্রচারে ব্যবহারের অভিযোগে ফেডারেশনকে আইনি নোটিশ পাঠিয়েছেন আর্জেন্টাইন এই মহাতারকা।

আর্জেন্টাইন সংবাদমাধ্যম এ২৪-এর সাংবাদিক নিকোলাস উইনিয়াজকির বরাতে গোল ডটকম জানিয়েছে, যুক্তরাষ্ট্রের একটি বিয়ার ব্র্যান্ডের সঙ্গে মেসির একচেটিয়া বাণিজ্যিক চুক্তি রয়েছে। কিন্তু সেই চুক্তির বিষয়টি বিবেচনায় না নিয়েই এএফএ সভাপতি ক্লদিও তাপিয়া অন্য একটি মদ প্রস্তুতকারক বা স্পনসর প্রতিষ্ঠানকে মেসির ছবি ব্যবহারের অনুমতি দেন বলে অভিযোগ উঠেছে।

সাংবাদিক উইনিয়াজকির দাবি, মেসি এ বিষয়ে আগে কিছুই জানতেন না। তার অনুমতি ছাড়া অন্য প্রতিষ্ঠানের বাণিজ্যিক প্রচারে ছবি ব্যবহারের বিষয়টি জানার পরই ক্ষুব্ধ হন তিনি।

এ ঘটনায় মেসির আইনজীবীরা তার ছবি ব্যবহারের অধিকার লঙ্ঘনের অভিযোগ তুলেছেন। পাশাপাশি এএফএ সভাপতি ক্লদিও তাপিয়া এবং কোষাধ্যক্ষ পাবলো তোভিগিনোর সঙ্গে ব্যক্তিগত ও বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছেন মেসি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

তবে ফেডারেশনের সঙ্গে মেসির দূরত্ব তৈরির পেছনে শুধু বাণিজ্যিক চুক্তির বিরোধই নয়, এর আগে জাতীয় দলের একটি ম্যাচ আয়োজন নিয়েও অসন্তোষ তৈরি হয়েছিল।

গত ৭ অক্টোবর বেনিনের বিপক্ষে ম্যাচ ঘিরে আয়োজকদের ওপর অসন্তুষ্ট ছিলেন মেসি। ওই ম্যাচে তার বিদায় আয়োজন জাঁকজমকপূর্ণ করার চেষ্টা করা হলেও পুরো আয়োজন বিশৃঙ্খল হয়ে পড়ে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। ম্যাচের শুরুতে স্পনসর প্রতিষ্ঠানের ড্রোন প্রদর্শনীও দর্শকদের দুয়োধ্বনির মুখে পড়ে।

সাংবাদিক উইনিয়াজকির ভাষ্য অনুযায়ী, আর্জেন্টিনা ও বিশ্ব ফুটবলের অন্যতম বড় তারকার জাতীয় দলকে বিদায় জানানোর আয়োজন প্রত্যাশিত মানের ছিল না। মাঠের বাইরের অব্যবস্থাপনা এবং বাণিজ্যিক চুক্তি নিয়ে বিরোধ—সব মিলিয়ে এএফএ কর্তৃপক্ষের সঙ্গে মেসির সম্পর্কের অবনতি ঘটেছে।

এখন এই বিরোধ কোন পর্যায়ে গড়ায় এবং আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন কী প্রতিক্রিয়া জানায়, সেদিকেই নজর ফুটবল বিশ্বের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button