বিমানবন্দরে সাড়ে সাত কেজি স্বর্ণের পেস্টসহ আটক ৩
স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ১১ কোটি ৬৭ লাখ টাকা

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৭ কেজি ৫০০ গ্রাম বা ৬৪৩ ভরি স্বর্ণের পেস্টসহ তিনজনকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। উদ্ধার করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ১১ কোটি ৬৭ লাখ টাকা।
আজ শনিবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে বিমানবন্দরের আগমনী ২ নম্বর ক্যানোপির আউটগেট এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন মুন্সিগঞ্জের সদর উপজেলার মো. ইয়াছিন আরাফাত সৌরভ (২৯), নোয়াখালীর সুধারাম উপজেলার মো. জাকিরুল ইসলাম জুয়েল (৫৩) এবং কুমিল্লার বরুড়া উপজেলার মো. শাওন (৩৯)।
এয়ারপোর্ট এপিবিএন জানায়, পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই তিন ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাঁদের আটক করা হয়। পরে এপিবিএন কার্যালয়ে প্রথম আটক ব্যক্তির দেহ তল্লাশি করে কোমরে কমলা রঙের কাপড়ে মোড়ানো ১৫টি ডিম্বাকৃতির বস্তু উদ্ধার করা হয়। স্বর্ণকারের মাধ্যমে পরীক্ষা ও রাসায়নিক বিশ্লেষণের পর বস্তুগুলো স্বর্ণের পেস্ট বলে শনাক্ত হয়।
উদ্ধার করা স্বর্ণের পেস্টের বিশুদ্ধতা ২৪ ক্যারেট এবং মোট ওজন ৭ কেজি ৫০০ গ্রাম, যা প্রায় ৬৪৩ ভরি। স্বর্ণগুলো চোরাচালানের উদ্দেশ্যে শরীরের সঙ্গে অভিনব কৌশলে লুকিয়ে বহন করা হচ্ছিল বলে জানিয়েছে পুলিশ।
সৌদি আরব থেকে স্বর্ণ আনার তথ্য
আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের বরাতে এপিবিএন জানায়, প্রথম আটক ব্যক্তি ইয়াছিন আরাফাত সৌরভ নিয়মিত সৌদি আরবে যাতায়াত করেন। সেখান থেকে অভিনব কৌশলে স্বর্ণ বাংলাদেশে এনে অন্য দুই আটক ব্যক্তি ও দেশে অবস্থানরত অজ্ঞাতনামা ব্যক্তিদের সহযোগিতায় চোরাচালান করে আসছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
এপিবিএনের দাবি, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে বিমানবন্দরকেন্দ্রিক স্বর্ণ চোরাচালানের সঙ্গে জড়িত এবং একটি সংঘবদ্ধ চক্রের সক্রিয় সদস্য। চক্রের সঙ্গে আরও কারা জড়িত, তা শনাক্তে তদন্ত ও গোয়েন্দা কার্যক্রম চলছে।
এ বিষয়ে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার অতিরিক্ত ডিআইজি মো. বশির আহমেদ বলেন, গত কয়েক দিন ধরে গোয়েন্দা সূত্রে একটি চক্রের পেস্ট আকারে স্বর্ণ চোরাচালানের চেষ্টার তথ্য পাওয়া যাচ্ছিল। এর ভিত্তিতে নজরদারি বাড়ানো হয়। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৭ কেজি ৫০০ গ্রাম স্বর্ণ উদ্ধার এবং চক্রের তিন সদস্যকে আটক করা হয়েছে।
তিনি আরও বলেন, চক্রের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করতে বিস্তারিত তদন্ত চলছে। চোরাচালান ও অপরাধ দমনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিমানবন্দর থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। এপিবিএনের ভাষ্য অনুযায়ী, তাঁদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ২৫বি(১)(বি)/২৫ডি ধারায় অপরাধের প্রাথমিক অভিযোগ রয়েছে।



