প্রচণ্ড ঢেউ, নৌকার ইঞ্জিন বিকল, খাবার ও পানির তীব্র সংকট ভূমধ্যসাগরে টানা ৮ দিনের বেশি সময় মৃত্যুর সঙ্গে লড়াই করেছেন বাংলাদেশি অভিবাসনপ্রত্যাশী তুফায়েল আহমেদ ফাহিম।
সেই ভয়াবহ যাত্রায় চোখের সামনে সহযাত্রীদের মৃত্যু দেখেছেন তিনি। এমনকি নৌকার চালকেরা দুই বাংলাদেশিকে সাগরে ফেলে দিয়েছেন বলেও অভিযোগ করেছেন ফাহিম।
২৭ বছর বয়সী ফাহিমের বাড়ি হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায়। ইউরোপে উন্নত জীবনের আশায় দেশ ছাড়লেও তার সেই যাত্রা পরিণত হয় ভয়াবহ অভিজ্ঞতায়। গ্রিসের একটি ক্যাম্প থেকে ইনফোমাইগ্রেন্টসকে দেওয়া সাক্ষাৎকারে ভূমধ্যসাগরের সেই মৃত্যুযাত্রার বর্ণনা দিয়েছেন তিনি।
ফাহিম জানান, ইউরোপে যাওয়ার উদ্দেশ্যে ২০২৬ সালের ১৪ ফেব্রুয়ারি বাংলাদেশ ছাড়েন তিনি। এরপর কুয়েত, সৌদি আরব ও মিশর হয়ে পৌঁছান লিবিয়ায়। সেখানে মানবপাচারকারীদের নিয়ন্ত্রণে থাকা ব্যক্তিদের হাতেও পড়তে হয়েছিল তাকে। মুক্তি পেতে দিতে হয় বড় অঙ্কের টাকা।
পরে গত ৭ জুন লিবিয়ার তব্রুক উপকূল থেকে গ্রিসের উদ্দেশে একটি নৌকায় যাত্রা শুরু করেন ফাহিমসহ প্রায় ৪০ থেকে ৪৫ জন অভিবাসনপ্রত্যাশী। তাদের মধ্যে বাংলাদেশি ছাড়াও অন্য দেশের নাগরিক ছিলেন।
কিন্তু যাত্রার ২ দিনের মাথায় নৌকার ইঞ্জিন বিকল হয়ে যায়। এরপর দিকনির্দেশনাহীন অবস্থায় ভূমধ্যসাগরে ভাসতে থাকে নৌকাটি। একসময় খাবার ও পানির মজুত শেষ হয়ে আসে। এভাবে ৮ দিনের বেশি সময় সাগরে আটকে থাকতে হয় যাত্রীদের।
ফাহিমের বর্ণনা অনুযায়ী, নৌকায় খাবার ছিল মাত্র দুই দিনের। এরপর দীর্ঘ সময় প্রায় না খেয়েই থাকতে হয়েছে তাদের। টানা ৫ থেকে ৬ দিন স্বাভাবিক পানি পান করতে পারেননি তিনি।
তৃষ্ণা কমাতে সঙ্গে থাকা তেঁতুল অল্প অল্প করে খেতেন। ক্ষুধার যন্ত্রণায় একটি খেজুরের বিচি ৭ থেকে ৮ দিন মুখে রেখেছিলেন।
মৃত্যুর আশঙ্কায় পকেটে একটি কাঠবাদামও রেখে দিয়েছিলেন শেষ খাবার হিসেবে। পরে মানসিকভাবে ভেঙে পড়া সহযাত্রী অভিকে সেটি দিয়ে দেন।
সমুদ্রের উত্তাল ঢেউ, খাবার-পানির অভাব এবং অনিশ্চিত পরিণতির আশঙ্কায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ফাহিমের ভাষায়, প্রতিটি মুহূর্তেই মনে হচ্ছিল হয়তো আর বেঁচে ফেরা হবে না।
নৌকার চালকদের বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ করেছেন ফাহিম। তার দাবি, নৌকার দুই সুদানি চালক তার এলাকার দুই বাংলাদেশি অভিবাসী অভি ও বকুল রিসিকে সাগরে ফেলে দেন।
ফাহিম জানান, প্রথমবার অভিকে পানিতে ফেলে দেওয়ার পর তিনি নিজেই তাকে উদ্ধার করে নৌকায় তোলেন। কিন্তু প্রায় এক ঘণ্টা পর আবারও অভিকে সাগরে ফেলে দেওয়া হয়। উত্তাল ঢেউয়ের মধ্যে এরপর তিনি নিখোঁজ হয়ে যান।
এর আগে জিয়া নামের আরেক বাংলাদেশি যাত্রী ঢেউয়ের আঘাতে নৌকা থেকে পড়ে নিখোঁজ হন। ফাহিমের দাবি, পুরো সমুদ্রযাত্রায় পাঁচজনের মৃত্যু হয়েছে। তবে এসব মৃত্যুর বিষয়ে স্বাধীনভাবে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
ফাহিমের অভিযোগ, নৌকায় থাকা মিশরীয়দের সঙ্গে বাংলাদেশি যাত্রীদের বিরোধ তৈরি হয়েছিল। খাবার নিয়ন্ত্রণ এবং নৌকার ওপরের দিকে অবস্থান নেওয়াকে কেন্দ্র করে বাংলাদেশিদের মারধর করা হতো। পর্যাপ্ত খাবারও দেওয়া হতো না বলে দাবি করেন তিনি।
এ অবস্থায় ইঞ্জিন বিকল নৌকায় খাবার-পানির সংকট, ঢেউয়ের ধাক্কা এবং সহযাত্রীদের নিখোঁজ হওয়ার ঘটনা পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তোলে।
ফাহিমের ভাষ্য অনুযায়ী, ১৫ জুন ভূমধ্যসাগরে ফরাসি নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজ তাদের উদ্ধার করে। পরদিন ১৬ জুন গ্রিসের ক্রিট দ্বীপের সৌদা বন্দরে নেওয়া হয় ৩৮ জনকে। তাদের মধ্যে ২৫ জন বাংলাদেশি, চারজন সুদানি ও নয়জন মিশরীয় ছিলেন।
গ্রিসের হেলেনিক কোস্ট গার্ডও ১৭ জুন প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে ৩৮ জন পুরুষ অভিবাসীকে উদ্ধারের তথ্য জানায়। তাদের মধ্যে অসুস্থ একজনকে চানিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছিল।
ফাহিমের তথ্য অনুযায়ী, হাসপাতালে নেওয়া ওই বাংলাদেশির নাম জাহাঙ্গির। তিনি হবিগঞ্জের বানিয়াচং উপজেলার বাসিন্দা। উদ্ধারের পর সাত থেকে ১০ দিন আইসিইউতে চিকিৎসাধীন থাকার পর তার মৃত্যু হয়।
উদ্ধারের পর ফাহিম ও অন্যদের প্রায় ১৫ দিন ক্রিট দ্বীপে রাখা হয়। পরে তাদের কোস দ্বীপে নেওয়া হয়। সেখানে আশ্রয়ের আবেদন দুইবার প্রত্যাখ্যাত হওয়ার পর তাকে ডিটেনশন সেন্টারে পাঠানো হয়।
ফাহিমের অভিযোগ, ডিটেনশন সেন্টারে খাবারের মান ও চিকিৎসাসেবা নিয়ে সমস্যা রয়েছে। ব্যক্তিগত আইনজীবী নিয়োগের চেষ্টা করেও সফল হননি তিনি। একই নৌকায় থাকা ১২ থেকে ১৩ জন বাংলাদেশি এখনও ওই ক্যাম্পে রয়েছেন বলে জানান তিনি।
তবে আশ্রয়ের আবেদন প্রত্যাখ্যানের কারণ, আপিলের সুযোগ কিংবা তার মামলার বর্তমান আইনি অবস্থা সম্পর্কে সাক্ষাৎকারে বিস্তারিত জানা যায়নি।
ফাহিম জানান, ইউরোপে পৌঁছানোর আশায় তার মোট ৩০ লাখ টাকা খরচ হয়েছে। আত্মীয়-স্বজনের কাছ থেকে ধার, স্থানীয়ভাবে সুদে টাকা সংগ্রহ এবং বাবার রেখে যাওয়া জমি বিক্রি করে এই অর্থ জোগাড় করেন তিনি।
কিন্তু এত টাকা খরচ করেও ইউরোপে নিরাপদ জীবন নিশ্চিত হয়নি। বরং লিবিয়ায় মানবপাচারকারীদের নিয়ন্ত্রণে থাকা, মুক্তির জন্য অর্থ দেওয়া এবং ভূমধ্যসাগরে মৃত্যুর মুখোমুখি হওয়ার অভিজ্ঞতা নিয়ে এখন অনিশ্চিত ভবিষ্যতের অপেক্ষায় রয়েছেন তিনি।
সমুদ্রযাত্রার সেই ভয়াবহ স্মৃতি এখনও তাকে তাড়া করে বেড়ায়। ফাহিম বলেন, চোখ বন্ধ করলেই তার সামনে ভেসে ওঠে সমুদ্রের পানি। সেই অভিজ্ঞতার কথা মনে পড়লে তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন।
ফাহিমের অভিজ্ঞতা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। লিবিয়া থেকে গ্রিসের ক্রিট ও গাভদোস দ্বীপে পৌঁছানোর সমুদ্রপথটি অভিবাসনপ্রত্যাশীদের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।
এই পথে ছোট নৌকা, অপর্যাপ্ত নিরাপত্তা সরঞ্জাম, ইঞ্জিন বিকল হওয়া এবং খাবার-পানির সংকট বড় ধরনের বিপদের কারণ হতে পারে।
আরও পড়ুনঃ ইউরোপে আশ্রয় না পেলে যেতে হবে আফ্রিকায়!
গ্রিসভিত্তিক অভিবাসন ও শরণার্থী অধিকার সংস্থা রিফিউজি সাপোর্ট এইজিয়ানের (RSA) প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ক্রিট ও গাভদোস এলাকায় মোট ৮ হাজার ৫৫২ জন অভিবাসী ও আশ্রয়প্রার্থী পৌঁছেছেন।
তাদের মধ্যে ৩ হাজার ৫৩৬ জন বাংলাদেশি। একই সময়ে ৩ হাজার ১৫৯ জন সুদানি এবং ১ হাজার ৪৯ জন মিশরীয় নাগরিকও ওই এলাকায় পৌঁছান।
সংস্থাটি গ্রিক কোস্ট গার্ডের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে এসব পরিসংখ্যান প্রকাশ করেছে। একই প্রতিবেদনে সমুদ্রপথে দুর্ঘটনা, প্রাণহানি, আশ্রয়কেন্দ্রের সীমাবদ্ধতা এবং অভিবাসীদের চিকিৎসা ও আবাসনসংকটের কথাও তুলে ধরা হয়েছে।
ফাহিমের অভিজ্ঞতা আবারও দেখিয়ে দিল, ইউরোপে পৌঁছানোর আশায় দালালচক্রের মাধ্যমে অনিয়মিত পথে যাত্রা কতটা ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে।
বিপুল অর্থ ব্যয় করেও নিরাপত্তা বা গন্তব্যে পৌঁছানোর নিশ্চয়তা থাকে না; বরং মাঝসমুদ্রে প্রাণ হারানোর ঝুঁকি নিয়েই যাত্রা করতে হয়।
সূত্র: ইনফোমাইগ্রেন্টস, গ্রিসের হেলেনিক কোস্ট গার্ড ও রিফিউজি সাপোর্ট এইজিয়ান ।



