অপরাধ

প্রবাসী কার্ড চালুর আগেই প্রতারণার ফাঁদ, অর্থ না দিতে মন্ত্রণালয়ের সতর্কতা

প্রবাসীদের কল্যাণে ‘প্রবাসী কার্ড’ চালুর প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে রয়েছে

প্রবাসীদের কল্যাণে ‘প্রবাসী কার্ড’ চালুর প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। তবে এখনো কার্ডটি আনুষ্ঠানিকভাবে চালু হয়নি, এমনকি এ-সংক্রান্ত আবেদন কার্যক্রমও শুরু হয়নি। এরই মধ্যে কার্ড দেওয়ার নামে পেনশন সুবিধা ও দ্রুত কার্ড করে দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রবাসীদের কাছ থেকে অর্থ আদায়ের চেষ্টা করছে একটি প্রতারক চক্র। এ বিষয়ে সতর্ক করে বিজ্ঞপ্তি দিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রবাসী কার্ড বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার ও অগ্রাধিকার কর্মপরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এ লক্ষ্যে মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে। তবে কার্ডটি এখনো আনুষ্ঠানিকভাবে চালু হয়নি এবং এ-সংক্রান্ত আবেদন গ্রহণও শুরু হয়নি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি দেশে-বিদেশে কিছু অসাধু ব্যক্তি ও দালালচক্র প্রবাসী বাংলাদেশিদের কাছে প্রবাসী কার্ডের নামে বিভিন্ন মিথ্যা তথ্য ছড়াচ্ছে। বিশেষ করে তথাকথিত পেনশন সুবিধা ও দ্রুত কার্ড দেওয়ার প্রলোভন দেখিয়ে অর্থ আদায়ের চেষ্টা করছে তারা।

এ ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ড থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়। একই সঙ্গে কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা মধ্যস্থতাকারীকে প্রবাসী কার্ডের নামে অর্থ না দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, প্রবাসী কার্ড চালু হলে এর আবেদন পদ্ধতি, যোগ্যতা ও সুযোগ-সুবিধা সম্পর্কে সরকারি গণমাধ্যম, মন্ত্রণালয়ের ওয়েবসাইট এবং অফিসিয়াল সামাজিক যোগাযোগমাধ্যমে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

প্রতারণার শিকার হলে বা এ ধরনের কোনো তথ্য পাওয়া গেলে নিকটস্থ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অথবা সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষকে অবহিত করার আহ্বান জানানো হয়েছে। প্রবাসীদের কষ্টার্জিত অর্থ ও স্বার্থ রক্ষায় সবাইকে সচেতন থাকার পাশাপাশি প্রতারণা প্রতিরোধে সহযোগিতা করতে বলেছে মন্ত্রণালয়।

প্রয়োজনে তথ্য জানতে যোগাযোগের জন্য বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নম্বর ও ই-মেইল দেওয়া হয়েছে। উপসচিব মো. জসীম উদ্দিনের সঙ্গে ০১৭১২-৮৭০৯৬৮ নম্বরে অথবা dsservice@probashi.gov.bd ই-মেইলে যোগাযোগ করা যাবে। এ ছাড়া মন্ত্রীর সহকারী একান্ত সচিব (সিনিয়র সহকারী সচিব) মো. মাহবুবুল ইসলামের ই-মেইল aps2minister@probashi.gov.bd-এ যোগাযোগের সুযোগ রয়েছে।

সম্পর্কিত খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button