ইউরোপপ্রবাস২৪ স্পেশাল

১৪–৩০ লাখ টাকা খরচ করে গ্রিসে গিয়ে বন্দিজীবনে বাংলাদেশিরা

গ্রিসে আটকে হাজারো বাংলাদেশি: দেশে ফিরলে ঋণের বোঝা, সামনে কী পথ?

ইউরোপে ভালো আয়ের স্বপ্ন নিয়ে দেশ ছেড়েছিলেন তাঁরা। কেউ পরিবারের জমি বিক্রি করেছেন, কেউ ঋণ নিয়েছেন, আবার কেউ স্বজনদের শেষ সম্বলটুকু খরচ করে দালালের হাতে তুলে দিয়েছেন লাখ লাখ টাকা।

লিবিয়া থেকে উত্তাল ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে পৌঁছানোর পর ভেবেছিলেন, এবার হয়তো জীবনের কষ্ট শেষ হবে। কিন্তু কাজের সুযোগের বদলে অনেকের ঠাঁই হয়েছে অভিবাসী আটককেন্দ্রে।

আশ্রয়ের আবেদন করেও মিলছে না প্রত্যাশিত সুরক্ষা। এখন দেশে ফেরার প্রস্তাব পেলেও তাঁদের সামনে বড় প্রশ্ন—ফিরবেন কী নিয়ে, কীভাবে শোধ করবেন ঋণ, আর কীভাবে চালাবেন পরিবার?

গ্রিসে আটকে থাকা বাংলাদেশিদের পরিস্থিতি এখন শুধু অভিবাসন বা আশ্রয়প্রক্রিয়ার সংকট নয়; এটি হয়ে উঠেছে ঋণ, জীবিকা, পারিবারিক নিরাপত্তা এবং দেশে ফিরে পুনর্বাসনের কঠিন বাস্তবতা। বিদেশে যাওয়ার জন্য যাঁরা সর্বস্ব বিক্রি করেছেন, তাঁদের কাছে দেশে ফেরা মানে অনেক সময় আবার শূন্য থেকে জীবন শুরু করা।

সংখ্যার আড়ালে কতজনের অনিশ্চিত জীবন

জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের প্রথম নয় মাসে সমুদ্রপথে গ্রিসে পৌঁছেছেন ৬ হাজার ১৫০ জন বাংলাদেশি। একই সময়ে গ্রিসে বাংলাদেশিদের আন্তর্জাতিক সুরক্ষা চেয়ে সাত হাজারের বেশি আবেদন জমা পড়েছে।

গ্রিসের বিভিন্ন দ্বীপের আটককেন্দ্রে থাকা বাংলাদেশিদের সঙ্গে কথা বলে তাঁদের সংখ্যা দশ হাজারের বেশি বলে দাবি করেছেন কয়েকজন ভুক্তভোগী। তবে এই সংখ্যার স্বাধীনভাবে নিশ্চিত কোনো হিসাব পাওয়া যায়নি।

এথেন্সে বাংলাদেশ দূতাবাসের একটি সূত্র জানিয়েছে, আশ্রয়ের আবেদন করা বাংলাদেশিদের মধ্যে দুই হাজার জনের আটকের বিষয়টি গ্রিক সরকার দূতাবাসকে জানিয়েছে। অন্যদের বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান। অর্থাৎ আটকের সংখ্যা নিয়ে বিভিন্ন তথ্য থাকলেও দূতাবাসের কাছে নিশ্চিত হওয়া হিসাব এবং ভুক্তভোগীদের দাবিকে এক করে দেখার সুযোগ নেই।

এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, সমুদ্রপথে গ্রিসে পৌঁছানো, আশ্রয়ের আবেদন করা এবং আটক থাকা—তিনটি আলাদা হিসাব। এগুলোকে একই সংখ্যা হিসেবে উপস্থাপন করলে প্রকৃত পরিস্থিতি বোঝার ক্ষেত্রে বিভ্রান্তি তৈরি হতে পারে।

১৪ থেকে ৩০ লাখ টাকা খরচ, বিনিময়ে বন্দিজীবন

গ্রীসের লেরোস ক্যাম্পে সুনামগঞ্জের নিরবের সাথে কথা হয় প্রবাস২৪ এর । তিনি জানিয়েছেন, লেরোস ক্যাম্পে প্রায় চার মাস ধরে অবস্থান করছেন বলে জানিয়েছেন নিরব আহসান।

ভুক্তভোগী নিরব জানান, আশ্রয়ের আবেদন এবং আপিল—দুটিই প্রত্যাখ্যাত হয়েছে। এখন পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়ার জন্য তাঁকে ৩০ দিনের সময়সীমার কথা জানানো হয়েছে। কিন্তু ব্যক্তিগত আইনজীবী নিয়োগের মতো আর্থিক সামর্থ্য তাঁর নেই।

তিনি আরও বলেন, নিজের ভবিষ্যৎ ও পরিস্থিতি সঠিকভাবে ব্যাখ্যা করার ন্যায্য সুযোগ না পেয়েই বাংলাদেশে ফেরত পাঠানোর আশঙ্কায় রয়েছেন তিনি। তাঁর পরিবার আর্থিকভাবে তাঁর ওপর নির্ভরশীল। নিরাপত্তা ও উন্নত জীবনের আশায় গ্রিসে এলেও বর্তমানে নিজেকে অসহায় মনে হচ্ছে।

নিরব আহসান বলেন, লেরোস ক্যাম্পে থাকা অন্যান্য বাংলাদেশিরাও একই ধরনের অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। তাঁদের জন্য আইনি সহায়তা, নিজেদের অধিকার সম্পর্কে স্পষ্ট তথ্য এবং ন্যায্য ও মানবিক আচরণ নিশ্চিত করতে বাংলাদেশ সরকারের সহযোগিতা প্রয়োজন।

অন্য একটি ক্যাম্পে বন্দি তানভীর তিনি জানিয়েছেন, ৫৭ জন যাত্রী নিয়ে একটি বাতাসভরা রাবারের নৌকায় তাঁরা ভূমধ্যসাগর পাড়ি দেন। যাত্রাপথে নৌকায় পানি ঢুকে শুকনো খাবার নষ্ট হয়ে যায়। পান করার মতো পানিও ছিল সামান্য। প্রায় ৪৬ ঘণ্টা পর গ্রিসের তীরে পৌঁছানোর পর পুলিশ তাঁদের আটককেন্দ্রে নিয়ে যায়।

আটককেন্দ্রে খাবারের মান নিয়েও অভিযোগ করেছেন তানভীর। তাঁর দাবি, দিনে একবার খাবার দেওয়া হয়, যা অনেক সময় খাওয়ার উপযোগী থাকে না। খাবারের খরচ মেটাতে এখনো পরিবারকে মাসে প্রায় ২০ হাজার টাকা পাঠাতে হচ্ছে।

লেরোস ক্যাম্পে অবস্থানরত আরেক বাংলাদেশি ভুক্তভোগী দেলোয়ার জানান, সেখানে প্রায় এক হাজার বাংলাদেশি রয়েছেন। তাঁদের সঙ্গে পাকিস্তান ও মিসরসহ আরও কয়েকটি দেশের নাগরিকও অবস্থান করছেন।

দেলোয়ারের অভিযোগ, ক্যাম্পে প্রতিদিন মাত্র একবার খাবার দেওয়া হয়। দুপুর ২টার দিকে দেওয়া খাবারের পরিমাণও প্রয়োজনের তুলনায় অনেক কম। তাঁর বর্ণনা অনুযায়ী, এক দিনের খাবার হিসেবে দেওয়া হয় দুই মুঠো ভাত, এক মুঠো সিদ্ধ বিচি, একটি পাউরুটি ও এক বোতল পানি। পরদিন একই সময়ে আবার খাবার দেওয়া হয়।

তাঁদের দাবি, ক্যাম্প কর্তৃপক্ষ এই একবারের খাবারকেই তিন বেলার খাবার হিসেবে বিবেচনা করছে। পাশাপাশি পানির সংকটও রয়েছে। তবে খাবারের পরিমাণ, সরবরাহ ও পানির পরিস্থিতি নিয়ে ক্যাম্প কর্তৃপক্ষের বক্তব্য স্বাধীনভাবে পাওয়া যায়নি।

দেলোয়ার আরও বলেন, পাকিস্তান ও মিসরের নাগরিকদের বিষয়ে সংশ্লিষ্ট দেশগুলোর সরকারের সঙ্গে গ্রিস কর্তৃপক্ষের যোগাযোগ হয়েছে বলে ক্যাম্পে থাকা ব্যক্তিদের মধ্যে আলোচনা রয়েছে। তাঁদের দাবি, ওই দুই দেশের সরকার নিজ দেশের নাগরিকদের ক্যাম্প থেকে ফিরিয়ে নেওয়ার বিষয়ে সম্মতি জানিয়েছে। তবে এ বিষয়ে কোনো সরকারি নথি বা সংশ্লিষ্ট দেশের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। বাংলাদেশি নাগরিকদের বিষয়ে দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হলে চেষ্টা চালানোর কথা জানানো হয়েছে বলে দাবি করেন দেলোয়ার। তবে এখনো কোনো দৃশ্যমান সমাধান পাননি বলে তাঁর অভিযোগ।

এখানে সংকটের আরেকটি দিক স্পষ্ট—বিদেশে যাওয়ার জন্য যে অর্থ ব্যয় হয়েছে, তা শুধু ব্যক্তির নয়; এর সঙ্গে জড়িয়ে আছে পুরো পরিবারের ভবিষ্যৎ। একজন কর্মী আটক হলে তাঁর আয় বন্ধ হয়, কিন্তু পরিবারের ঋণের কিস্তি, সংসার খরচ ও বিদেশে থাকা ব্যক্তির প্রয়োজনীয় ব্যয় থেমে থাকে না।

আশ্রয়ের আবেদন কেন কঠিন হয়ে পড়েছে?

গ্রিসে পৌঁছানো বাংলাদেশিদের অনেকেই কাজের সুযোগ বা নিরাপদ ভবিষ্যতের আশায় আশ্রয়ের আবেদন করেছেন। কিন্তু শুধু অর্থনৈতিক সংকট বা দেশে কাজের অভাব আন্তর্জাতিক সুরক্ষা পাওয়ার যথেষ্ট ভিত্তি নয়।

বাংলাদেশকে ২০২১ সালে গ্রিস নিরাপদ উৎসদেশের তালিকায় অন্তর্ভুক্ত করে। পরে ২০২৬ সালের ১২ জুন থেকে কার্যকর ইউরোপীয় ইউনিয়নের অভিন্ন তালিকাতেও বাংলাদেশের নাম যুক্ত হয়। এর ফলে বাংলাদেশি নাগরিকদের আশ্রয়ের আবেদন দ্রুততর প্রক্রিয়ায় পরীক্ষা করার সুযোগ তৈরি হয়েছে। তবে এর অর্থ এই নয় যে প্রত্যেক বাংলাদেশির আবেদন স্বয়ংক্রিয়ভাবে প্রত্যাখ্যান করা হবে।

ইউরোপীয় ইউনিয়ন এজেন্সি ফর অ্যাসাইলাম (ইইউএএ)-এর ২০২৬ সালের মধ্যবর্তী সময়ের বিশ্লেষণেও দেখা গেছে, বাংলাদেশি আবেদনকারীদের মধ্যে আন্তর্জাতিক সুরক্ষা পাওয়ার হার খুব কম—প্রথম ধাপের সিদ্ধান্তে প্রায় ২ থেকে ৩ শতাংশ। তবে এই পরিসংখ্যান ইউরোপীয় ইউনিয়নের সামগ্রিক চিত্র; একে শুধু গ্রিসের হিসাব হিসেবে দেখার সুযোগ নেই।

আইন অনুযায়ী, নিরাপদ উৎসদেশের তালিকায় কোনো দেশ থাকলেও ব্যক্তিগতভাবে কেউ নিপীড়ন, নির্যাতন বা গুরুতর ক্ষতির ঝুঁকিতে থাকলে তাঁর আবেদন আলাদাভাবে বিবেচনার সুযোগ রয়েছে। ফলে প্রত্যেক আবেদনকারীর পরিস্থিতি ও প্রমাণ গুরুত্বপূর্ণ।

তানভীরের মতো অনেকের আবেদন প্রত্যাখ্যানের পর দেশে ফেরার প্রস্তাব দেওয়া হচ্ছে। কিন্তু তাঁদের কাছে প্রত্যাখ্যানের আইনি অর্থের চেয়েও বড় হয়ে উঠেছে দেশে ফিরে বেঁচে থাকার প্রশ্ন।

সম্পর্কিত খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button