
অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার কারণে নিজ বাসায় গৃহবন্দি থাকার আদালতের আদেশ অমান্য করায় ইতালিতে এক বাংলাদেশি যুবকের বসবাসের অনুমতি বাতিল করা হয়েছে। একই সঙ্গে তাকে দেশে ফেরত পাঠানোর আদেশও দিয়েছেন দেশটির আদালত।
স্থানীয় সময় রোববার ইতালির ব্রেশিয়া শহর পুলিশের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়। তবে ২২ বছর বয়সী ওই বাংলাদেশি যুবকের পরিচয় প্রকাশ করেনি পুলিশ।
পুলিশের বিজ্ঞপ্তি ও স্থানীয় প্রবাসী বাংলাদেশিদের বরাতে জানা গেছে, সম্প্রতি ব্রেশিয়া শহরের ‘ক্যাম্পো মার্তে’ পার্কে কয়েকজন তরুণের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় জরুরি সেবা নম্বরে ফোন পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ।
পরে ঘটনাস্থলে উপস্থিত ব্যক্তিদের পরিচয় যাচাই ও ডেটাবেজ অনুসন্ধান করে এক বাংলাদেশি যুবকের গৃহবন্দি থাকার বিষয়টি জানতে পারে পুলিশ।
ওই যুবক আগে থেকেই অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। এ কারণে আদালত তাকে নিজ বাসার বাইরে বের না হওয়ার নির্দেশ দিয়েছিলেন। কিন্তু আদালতের আদেশ অমান্য করে তিনি ক্যাম্পো মার্তে পার্কে যান। পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে প্রসিকিউটরের কাছে হস্তান্তর করে।
এ ঘটনার পর ব্রেশিয়া পুলিশের প্রধান পাওলো সার্তোরি ওই যুবককে আইন অমান্যকারী এবং সামাজিক নিরাপত্তার জন্য হুমকি হিসেবে বিবেচনা করেন। এরপর ইতালিতে তার বসবাসের অনুমতি বাতিল করা হয় এবং তাকে দেশে ফেরত পাঠানোর আদেশ দেওয়া হয়।



