মালয়েশিয়ায় পৌঁছালেন ১০৩ বাংলাদেশি,বাকি ৯ জনের কী হবে?
বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে নির্বাচিত ১০৩ বাংলাদেশি কর্মী শুক্রবার (২৭ নভেম্বর) ভোরে মালয়েশিয়ায় পৌঁছেছেন। তারা দেশটির ডিএইচএল সাপ্লাই চেইন (ডিএইচএল সাপ্লাই চেইন) প্রতিষ্ঠানে কাজ করবেন।
কুয়ালালামপুরে বাংলাদেশ হাই কমিশন জানিয়েছে, প্রথম ফ্লাইটে ১১২ জন কর্মীর মালয়েশিয়া যাওয়ার কথা ছিল। তবে ৯ জনের কিছু প্রয়োজনীয় নথিপত্র অসম্পূর্ণ থাকায় তারা যাত্রা করতে পারেননি। নথিপত্র ঠিক করে এই কর্মীদেরও পরবর্তী সময়ে মালয়েশিয়ায় পাঠানো হবে।
হাই কমিশনের প্রথম সচিব (প্রেস) তরিকুল ইসলাম বলেন, প্রথম ফ্লাইটে ১১২ জন নতুন কর্মী আসার কথা থাকলেও নথিপত্রের ঘাটতির কারণে ১০৩ জন পৌঁছেছেন। বাকি ৯ জন পরে আসবেন।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মালয়েশিয়ার উদ্দেশে যাত্রা করেন কর্মীরা। ইমিগ্রেশনসহ অন্যান্য আনুষ্ঠানিকতা শেষ করে শুক্রবার ভোর ৪টার দিকে তারা বিমানবন্দর থেকে বের হন।
এ সময় মালয়েশিয়ায় বাংলাদেশের হাই কমিশনার মঞ্জুররুল করিম খান চৌধুরী নতুন কর্মীদের স্বাগত জানান। তার সঙ্গে ছিলেন ডেপুটি হাই কমিশনার শাহানারা মনিকাসহ ডিএইচএল সাপ্লাই চেইনের কর্মকর্তারা।
নতুন কর্মীদের উদ্দেশে হাই কমিশনার বলেন, মালয়েশিয়ায় অনেক বাংলাদেশি দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে কাজ করছেন। নতুন কর্মীদেরও সেই ধারাবাহিকতা বজায় রাখতে হবে।
তিনি বলেন, মালয়েশিয়া বাংলাদেশের বন্ধুভাবাপন্ন দেশ। তবে প্রত্যেক দেশের নিজস্ব আইন, সংস্কৃতি ও সামাজিক রীতিনীতি রয়েছে। তাই মালয়েশিয়ায় কাজ করতে এসে দেশটির আইন-কানুন ও সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে।
এমন কোনো আচরণ করা যাবে না, যাতে স্থানীয় মানুষ মনঃক্ষুণ্ন হন কিংবা বাংলাদেশিদের প্রতি নেতিবাচক ধারণা তৈরি হয়।
মালয়েশিয়ায় সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ক্ষেত্রেও কর্মীদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন হাই কমিশনার।
তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে কে কী অনুসরণ করছেন বা কী শেয়ার করছেন, তা দেশটিতে নজরদারির আওতায় থাকতে পারে। এ কারণে কখনো কখনো নিরপরাধ ব্যক্তিও সমস্যায় পড়েন।
তাই কর্মীদের এমন কোনো আপত্তিকর বা আইনবিরোধী বিষয় শেয়ার না করার আহ্বান জানান তিনি, যা নিজের পাশাপাশি সহকর্মীদের জন্যও বিপদের কারণ হতে পারে কিংবা বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে পারে।
মালয়েশিয়ায় পৌঁছানোর পর নতুন কর্মীদের দুই দলে ভাগ করে ডিএইচএল কুরিয়ারের মাধ্যমে নির্ধারিত কর্মস্থলে নিয়ে যাওয়া হয়।
এক দলকে পেনাং রাজ্যে এবং অন্য দলকে রাজধানী কুয়ালালামপুরের কাছাকাছি শাহ আলম এলাকায় নিয়ে যাওয়া হয়েছে।
বোয়েসেলের তথ্য অনুযায়ী, কর্মীরা ডিএইচএল সাপ্লাই চেইনে তিন বছরের নবায়নযোগ্য চুক্তিতে কাজ করবেন। তাদের মাসিক মূল বেতন ১ হাজার ৭০০ মালয়েশীয় রিঙ্গিত। নিয়োগকর্তা কর্মীদের আবাসন ও চিকিৎসা সুবিধাও দেবে।
এ কর্মসূচির আওতায় কর্মীদের অভিবাসন-সংক্রান্ত ব্যয় বহন করবে মালয়েশিয়ার নিয়োগকর্তা। ফলে নির্বাচিত কর্মীদের নিজস্ব অর্থ খরচ করে বিদেশে যাওয়ার প্রয়োজন হবে না। বোয়েসেল এ উদ্যোগকে ‘জিরো মাইগ্রেশন কস্ট’ বা শূন্য অভিবাসন ব্যয়ের নিয়োগ কর্মসূচি হিসেবে পরিচালনা করছে।
ডিএইচএল সাপ্লাই চেইন মালয়েশিয়ায় কর্মী নিয়োগের জন্য বোয়েসেল ৪ হাজার ৩৯ জন আবেদনকারীর কাছ থেকে আবেদন গ্রহণ করে।
প্রাথমিকভাবে স্বয়ংক্রিয় অনলাইন লটারির মাধ্যমে ৩০০ জনকে বাছাই করা হয়। এরপর মালয়েশিয়ার নিয়োগকর্তার প্রতিনিধিরা সরাসরি সাক্ষাৎকার ও দক্ষতা যাচাইয়ের মাধ্যমে চূড়ান্ত কর্মী নির্বাচন করেন।
স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে প্রকাশ্য লটারির মাধ্যমে প্রাথমিক বাছাই করা হয়েছিল। পরবর্তী ধাপে নিয়োগকর্তার সরাসরি পরীক্ষা ও সাক্ষাৎকারের ভিত্তিতে ১১২ জনকে চূড়ান্তভাবে নির্বাচন করা হয়।
এ কর্মসূচিতে কর্মী নির্বাচনের ক্ষেত্রে বোয়েসেলের মাধ্যমে সরকারি ব্যবস্থাপনায় নিয়োগ প্রক্রিয়া পরিচালিত হয়েছে। নিয়োগকর্তা কর্মীদের চূড়ান্তভাবে নির্বাচন করেছেন।
সিন্ডিকেটের মাধ্যমে কর্মী নিয়োগ, অতিরিক্ত অভিবাসন ব্যয়, দুর্নীতি ও শ্রমিক শোষণের অভিযোগের প্রেক্ষাপটে ২০২৪ সালের জুন থেকে মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগ বন্ধ ছিল।
এর আগে ২০২২ সাল থেকে ২০২৪ সালের ৩১ মে পর্যন্ত দেশটি প্রায় ৪ লাখ ৫০ হাজার বাংলাদেশি কর্মী নিয়োগ করেছিল।
আরও পড়ুনঃ সৌদির পাহাড়ি সড়কে প্রাণ গেল দুই প্রবাসীর
দীর্ঘ বিরতির পর মালয়েশিয়ার শ্রমবাজার আবার চালু করতে বাংলাদেশ সরকার কূটনৈতিক ও দ্বিপক্ষীয় উদ্যোগ গ্রহণ করে।
প্রধানমন্ত্রী তারেক রহমান গত জুনে প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া যান। সেখানে দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠকে তিনি দ্রুত শ্রমবাজার খুলে দেওয়া এবং আরও বেশি বাংলাদেশি কর্মী নিয়োগের আহ্বান জানান।
সরকারি সূত্রে জানানো হয়, দুই দেশের সরকারপ্রধান অভিবাসন ব্যয় কমানো এবং নিয়োগপ্রক্রিয়া স্বচ্ছ, ন্যায্য ও সাশ্রয়ী করার বিষয়ে একমত হন।
বোয়েসেলের মাধ্যমে বিনা অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর এ কার্যক্রম ধাপে ধাপে চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।
কর্মসূচির আওতায় আগামী ডিসেম্বরে আরও ২২৫ বাংলাদেশি কর্মী মালয়েশিয়ায় পাঠানোর পরিকল্পনা করেছে বোয়েসেল।
এ ছাড়া মালয়েশিয়ার চারটি প্রতিষ্ঠান থেকে মোট ১ হাজার ৪৮ জন কর্মী নিয়োগের চাহিদাপত্র পেয়েছে সংস্থাটি।
সংশ্লিষ্টরা আশা করছেন, সরকারি ব্যবস্থাপনায় স্বচ্ছ ও শূন্য অভিবাসন ব্যয়ের নিয়োগ কার্যক্রম সম্প্রসারিত হলে বিদেশে কর্মসংস্থানের সুযোগ বাড়বে এবং অতিরিক্ত অভিবাসন ব্যয়ের কারণে কর্মীদের ঋণগ্রস্ত হওয়ার ঝুঁকি কমবে।
দীর্ঘ বিরতির পর ১০৩ কর্মীর মালয়েশিয়ায় পৌঁছানো বাংলাদেশের শ্রমবাজার পুনরায় চালুর ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।




২টি মন্তব্য