জাতিসংঘ মহাসচিব পদে প্রার্থী লানা নুসেইবেহের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন
২০ বছর সংযুক্ত আরব আমিরাত সরকারের দায়িত্বে থাকা এই কূটনীতিকের দাবি

জাতিসংঘের পরবর্তী মহাসচিব পদে প্রার্থী সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) কূটনীতিক লানা নুসেইবেহের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে। গত ২০ বছর ধরে আমিরাত সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করা এই কূটনীতিক দাবি করেছেন, তিনি এখন আর দেশটির সরকারের কর্মকর্তা নন। তবে তিনি জানিয়েছেন, জাতিসংঘ মহাসচিব পদে প্রার্থিতা নিয়ে প্রচারের কারণে বর্তমানে ছুটিতে রয়েছেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে বলা হয়েছে, লন্ডনে জাতিসংঘবিষয়ক একটি অনুষ্ঠানে সুদানের চলমান সংঘাতে সংযুক্ত আরব আমিরাতের ভূমিকা নিয়ে তাঁকে একাধিক প্রশ্নের মুখে পড়তে হয়। সেখানে নুসেইবেহ বারবার বলেন, তিনি এখন আর আমিরাত সরকারের হয়ে কাজ করছেন না।
তবে প্রতিবেদনে উল্লেখ করা হয়, লানা নুসেইবেহ ২০০৬ সালে আমিরাত সরকারের সঙ্গে কাজ শুরু করেন। ২০১৩ থেকে ২০২৪ সাল পর্যন্ত জাতিসংঘে দেশটির রাষ্ট্রদূত ছিলেন তিনি। এরপর ২০২৬ সালের অক্টোবর পর্যন্ত আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। পরে জাতিসংঘ মহাসচিব পদে প্রার্থিতার কারণে ছুটিতে যাওয়ার কথা জানান।
সুদানে আমিরাতের ভূমিকা নিয়ে প্রশ্ন
সুদানের সংঘাতে আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) প্রতি সংযুক্ত আরব আমিরাতের সমর্থনের অভিযোগ নিয়ে নুসেইবেহকে প্রশ্ন করা হয়। জাতিসংঘের বিশেষজ্ঞদের বিভিন্ন প্রতিবেদনে আমিরাতের বিরুদ্ধে আরএসএফকে সহায়তার অভিযোগ তোলা হয়েছে। তবে আবুধাবি এসব অভিযোগ অস্বীকার করে আসছে।
মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, আমিরাতের জাতিসংঘে রাষ্ট্রদূত ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে থাকাকালে নুসেইবেহ এসব অভিযোগ অস্বীকার করেছিলেন। ইউরোপীয় পার্লামেন্টের কয়েকজন সদস্যের অভিযোগ, সুদানের সংঘাত নিয়ে একটি প্রস্তাবে সংযুক্ত আরব আমিরাতের নাম উল্লেখ না রাখতে তিনি আইনপ্রণেতাদের সঙ্গে লবিং করেছিলেন।
লন্ডনের অনুষ্ঠানে এ বিষয়ে জানতে চাইলে নুসেইবেহ বলেন, তিনি জাতিসংঘের অনুসন্ধান ও জবাবদিহিমূলক কার্যক্রমকে সমর্থন করবেন। যেকোনো সংঘাতে আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পক্ষেও অবস্থান নেবেন।
আমিরাত আরএসএফকে অস্ত্র সরবরাহ করেছে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমিরাত সরকার বা অন্য কোনো পক্ষের কর্মকাণ্ড সম্পর্কে প্রশ্নের উত্তর সংশ্লিষ্ট সরকারের কাছ থেকেই নেওয়া উচিত। ভবিষ্যতে প্রকাশিত বিশেষজ্ঞদের প্রতিবেদন পর্যালোচনা করে সংঘাতের কোনো পক্ষকে সামরিক সহায়তা দেওয়া হলে তা তুলে ধরার কথাও জানান তিনি।
নুসেইবেহ আরও বলেন, তিনি এখন আর আমিরাত সরকারের কর্মকর্তা নন। তাই দেশটির সরকারি অবস্থান নিয়ে মন্তব্য করতে পারবেন না। তবে সংঘাতে সংঘটিত নৃশংসতার জবাবদিহি ও ন্যায়বিচার নিশ্চিত করার পক্ষে তিনি।
প্রার্থিতা নিয়ে কূটনৈতিক টানাপোড়েন
জাতিসংঘের পরবর্তী মহাসচিব নির্বাচন ঘিরে কূটনৈতিক তৎপরতা অব্যাহত রয়েছে। মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, জাতিসংঘের অনানুষ্ঠানিক ভোটাভুটিতে চীন, ফ্রান্স ও যুক্তরাজ্য নুসেইবেহের নিয়োগের বিষয়ে নেতিবাচক অবস্থান জানিয়েছে। এই তিন দেশই নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য এবং মহাসচিব নিয়োগে ভেটো দেওয়ার ক্ষমতা রাখে।
লন্ডনে নুসেইবেহের প্রচারণার সময় যুক্তরাজ্যের কয়েকজন রাজনীতিক তাঁর প্রার্থিতার বিষয়ে সংশয় প্রকাশ করেছেন। দেশটির সংসদের আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক কমিটির চেয়ার ও লেবার পার্টির এমপি সারাহ চ্যাম্পিয়ন বলেন, নুসেইবেহ একজন দক্ষ কূটনীতিক হলেও তাঁর স্বাধীনতা ও নিরপেক্ষতা নিশ্চিত করা কঠিন।
চ্যাম্পিয়নের মতে, নিজের দেশের পক্ষে দায়িত্ব পালনকালে নুসেইবেহ সুদান সংঘাত নিয়ে জাতিসংঘের বিশেষজ্ঞ প্যানেলসহ বিভিন্ন সংস্থার প্রতিবেদনকে চ্যালেঞ্জ করেছেন। ফলে জাতিসংঘের সর্বোচ্চ পদে দায়িত্ব পালনের ক্ষেত্রে তাঁর নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন রয়েছে।
অন্যদিকে, নুসেইবেহ জাতিসংঘের বিশেষজ্ঞ প্যানেলের কাজকে পূর্ণ সমর্থন দেওয়ার কথা জানিয়েছেন। জাতিসংঘ মহাসচিব পদে তাঁর প্রার্থিতা নিয়ে কূটনৈতিক আলোচনা ও বিভিন্ন দেশের সমর্থন আদায়ের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।



