প্রবাসমালয়েশিয়া

মালয়েশিয়ায় প্রবাসীদের ওপর বড় অভিযান, ১০ ঘণ্টায় আটক ১৫২ বিদেশি

মালয়েশিয়ার সারাওয়াক রাজ্যে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করেছে দেশটির অভিবাসন বিভাগ। পৃথক দুটি বিশেষ অভিযানে কাগজপত্র যাচাইয়ের পর ১৫২ জন বিদেশি নাগরিককে আটক করা হয়েছে।

কুচিং ও কোটা সামারাহান এলাকায় পরিচালিত এসব অভিযানে নির্মাণাধীন ভবন, শিল্পাঞ্চল ও বিভিন্ন প্রতিষ্ঠানে তল্লাশি চালানো হয়।

শুক্রবার (২৭ নভেম্বর) সারাওয়াক রাজ্যের অভিবাসন বিভাগের (জেআইএম) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত টানা ১০ ঘণ্টা ‘অপস মাহির’ ও ‘অপস কুতিপ’ নামে অভিযান দুটি পরিচালনা করেন অভিবাসন কর্মকর্তারা।

বিজ্ঞপ্তি অনুযায়ী, অভিযানে চারটি নির্ধারিত স্থানে তল্লাশি চালানো হয়। এ সময় মোট ১৭৪ জন বিদেশি নাগরিকের পরিচয়, ভ্রমণ নথি, অবস্থানের অনুমতি এবং কর্মসংস্থানের বৈধতা যাচাই করা হয়। যাচাই-বাছাই শেষে বিভিন্ন অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে ১৫২ জনকে আটক করা হয়েছে।

সারাওয়াক অভিবাসন বিভাগের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মালয়েশিয়ার ১৯৫৯/৬৩ সালের অভিবাসন আইনের ৬(১)(সি) ও ১৫(১)(সি) ধারা এবং ১৯৬৩ সালের অভিবাসন বিধিমালার ১১(৭)(এ) বিধি লঙ্ঘনের অভিযোগ রয়েছে।

এসব ধারার আওতায় বৈধ প্রবেশ ও অবস্থানের অনুমতি না থাকা, অনুমোদিত সময়ের বেশি অবস্থান এবং অভিবাসনসংক্রান্ত বিধি লঙ্ঘনের মতো বিষয়গুলো তদন্ত করা হয়ে থাকে। তবে আটক ১৫২ জনের জাতীয়তাভিত্তিক পরিচয় এবং তাদের মধ্যে কতজন বাংলাদেশি রয়েছেন, তা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।

অভিবাসন বিভাগের পক্ষ থেকে জানানো হয়, স্থানীয় বাসিন্দাদের অভিযোগ এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুচিং অভিবাসন বিভাগের কর্মকর্তারা অভিযান পরিচালনা করেন।

আরও পড়ুনঃ মালয়েশিয়ায় পৌঁছালেন ১০৩ বাংলাদেশি,বাকি ৯ জনের কী হবে?

অভিযানের আওতায় নির্মাণাধীন ভবন, শিল্পাঞ্চল ও বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত বিদেশি নাগরিকদের কাগজপত্র পরীক্ষা করা হয়। বিশেষ করে তাদের পাসপোর্ট, বৈধ ভিসা, কাজের অনুমতি এবং মালয়েশিয়ায় অবস্থানের বৈধতা যাচাই করা হয়।

অভিবাসন কর্তৃপক্ষের মতে, বিদেশি নাগরিকদের অবস্থান ও কর্মসংস্থানের বৈধতা নিশ্চিত করা এবং অভিবাসন আইন লঙ্ঘনের ঘটনা শনাক্ত করাই এসব অভিযানের প্রধান লক্ষ্য।

মালয়েশিয়ায় কর্মরত বিদেশি শ্রমিকদের বৈধ পাসপোর্ট, ভিসা ও কাজের অনুমতিপত্র সঙ্গে রাখা এবং সেগুলোর মেয়াদ সম্পর্কে সচেতন থাকা জরুরি। বিশেষ করে নিয়োগকর্তা পরিবর্তন, কাজের স্থান পরিবর্তন কিংবা ওয়ার্ক পারমিটের মেয়াদ শেষ হওয়ার মতো বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন নেওয়া প্রয়োজন।

কোনো এজেন্ট বা নিয়োগকর্তার আশ্বাসে অনুমোদন ছাড়া অন্য প্রতিষ্ঠানে কাজ করা কিংবা মেয়াদোত্তীর্ণ ভিসায় অবস্থান করা বিদেশি কর্মীদের আইনি ঝুঁকিতে ফেলতে পারে।

সারাওয়াক অভিবাসন বিভাগ জানিয়েছে, দেশটির অভিবাসন আইন কার্যকর করা এবং বিদেশি নাগরিকদের আইন মেনে চলা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

পাশাপাশি অভিবাসন আইন লঙ্ঘন কিংবা অবৈধ কর্মকাণ্ডের বিষয়ে কোনো তথ্য জানা থাকলে তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছে বিভাগটি।

সম্পর্কিত খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button