মিশরে একের পর এক অভিযানে শতাধিক বাংলাদেশি আটক
মিশরে বৈধ কাগজপত্র ছাড়া বসবাস ও কর্মরত বাংলাদেশিদের জন্য পরিস্থিতি ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠছে।
দেশটির আলেকজান্দ্রিয়া, ইসমায়েলিয়া ও পোর্ট সাঈদসহ বিভিন্ন এলাকায় পৃথক পুলিশি অভিযানে অন্তত শতাধিক বাংলাদেশিকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের বড় একটি অংশ বিভিন্ন পোশাক কারখানায় কাজ করছিলেন বলে জানা গেছে।
আটকের এসব ঘটনার পাশাপাশি চাকরির প্রলোভন দেখিয়ে বাংলাদেশ থেকে অনিয়মিত পথে শ্রমিকদের মিশরে নিয়ে আসা এবং পরে তাঁদের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগ উঠেছে একাধিক দালাল চক্রের বিরুদ্ধে।
এতে কর্মসংস্থানের আশায় দেশটিতে যাওয়া অনেক বাংলাদেশি এখন আইনি জটিলতা, আর্থিক ক্ষতি ও দেশে ফেরার অনিশ্চয়তায় পড়েছেন।
মিশরের ইসমায়েলিয়া অঞ্চলের আবু-সুইর থানায় সুলেমান নামের এক বাংলাদেশি দালালসহ মোট ৯ জনকে আটক করা হয়েছে। অভিযোগ রয়েছে, সুলেমান বাংলাদেশ থেকে চাকরির প্রলোভন ও নানা আশ্বাস দিয়ে অনিয়মিত পথে শ্রমিকদের মিশরে নিয়ে আসতেন।
পরে বিভিন্ন পোশাক কারখানায় কাজ দেওয়ার কথা বলে প্রত্যেকের কাছ থেকে ২০০ মার্কিন ডলার করে আদায় করতেন তিনি।
অভিযোগ অনুযায়ী, শ্রমিকেরা কারখানায় যোগ দেওয়ার কিছুদিন পর সংশ্লিষ্ট ফ্লোর ইনচার্জের সঙ্গে যোগসাজশ করে তাঁদের চাকরিচ্যুত করানোর ব্যবস্থা করতেন সুলেমান।
এরপর অন্য কারখানায় চাকরি দেওয়ার আশ্বাস দিয়ে একই শ্রমিকদের কাছ থেকে আবারও ২০০ ডলার করে নেওয়া হতো বলে অভিযোগ উঠেছে।
সম্প্রতি আরও ৮ জন চাকরিপ্রত্যাশীকে নিয়ে একটি কারখানায় যাওয়ার সময় স্থানীয় পুলিশের হাতে আটক হন সুলেমান। আটক ব্যক্তিদের কারও কাছেই মিশরে বৈধভাবে অবস্থানের প্রয়োজনীয় কাগজপত্র ছিল না বলে জানা গেছে।
মিশরের বন্দরনগরী আলেকজান্দ্রিয়ার বুর্জ আল-আরব এলাকায় গত সপ্তাহে মাদকবিরোধী অভিযানসহ পৃথক পুলিশি কার্যক্রমে অন্তত ৪২ বাংলাদেশিকে আটক করা হয়েছে।
এর মধ্যে একটি অভিযানে ১২ জন বাংলাদেশি আটক হন। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া শেষে দেশে ফেরত পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে বাংলাদেশ দূতাবাসের একটি সূত্র জানিয়েছে।
আলেকজান্দ্রিয়ায় বসবাসরত বাংলাদেশি রাসেল জানান, আটক ব্যক্তিদের অনেকে আমিরিয়া ও নাসরিয়া থানায় রয়েছেন বলে তিনি জানতে পেরেছেন। তবে কোন থানায় কতজন আটক রয়েছেন, সে বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যাচ্ছে না।
তাঁর ভাষ্য অনুযায়ী, বিভিন্ন সূত্র থেকে আটকের সংখ্যা নিয়ে ভিন্ন ভিন্ন তথ্য আসছে। স্থানীয় পুলিশও আটক ব্যক্তিদের বিষয়ে কমিউনিটির প্রতিনিধিদের সঙ্গে নিয়মিত সরাসরি যোগাযোগ করছে না।
ফলে স্বজন ও পরিচিতদের মাধ্যমে তথ্য সংগ্রহ করতে হচ্ছে। এতে অনেক সময় প্রকৃত পরিস্থিতি জানা কঠিন হয়ে পড়ছে।
মিশরে আটক বাংলাদেশিদের কয়েকজনের ক্ষেত্রে ইউরোপে পাঠানোর প্রলোভন, ভিসা জটিলতা এবং দালালদের প্রতারণার অভিযোগ সামনে এসেছে।
অভিযোগ রয়েছে, বাংলাদেশ থেকে ইউরোপে পৌঁছে দেওয়ার আশ্বাস দিয়ে অনেককে প্রথমে মিশরে নিয়ে আসা হয়। কিন্তু সেখানে পৌঁছানোর পর তাঁদের পরবর্তী গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করা হয় না। ফলে অনেকেই কর্মসংস্থান ও বৈধ কাগজপত্র ছাড়াই অনিশ্চিত পরিস্থিতিতে আটকে পড়েন।
কেউ অর্থ হারিয়ে দেশে ফেরার সামর্থ্য হারাচ্ছেন, আবার কেউ পুলিশের হাতে আটক হয়ে প্রত্যাবাসনের অপেক্ষায় রয়েছেন। এসব ঘটনায় বিদেশে যাওয়ার আগে চাকরি ও ভিসার বৈধতা যাচাই না করার ঝুঁকিও সামনে এসেছে।
আলেকজান্দ্রিয়া, ইসমায়েলিয়া, পোর্ট সাঈদ ও আশার রামাদান শহরে বাংলাদেশিদের আটকের খবর ছড়িয়ে পড়ার পর দেশটিতে বসবাসরত প্রবাসীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।
বিশেষ করে যাঁরা বৈধ ভিসা, ওয়ার্ক পারমিট কিংবা প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া অবস্থান করছেন, তাঁদের মধ্যে গ্রেফতার আতঙ্ক বাড়ছে। অনেকে চলাফেরা সীমিত করছেন বলেও জানা গেছে।
তবে বিভিন্ন এলাকায় আটকের সংখ্যা নিয়ে একাধিক তথ্য পাওয়া গেলেও সব শহরের জন্য নির্ভরযোগ্য ও সমন্বিত সরকারি হিসাব এখনো নিশ্চিত হওয়া যায়নি। ফলে মোট কতজন বাংলাদেশি আটক হয়েছেন, তা নির্দিষ্ট করে বলা কঠিন।
২০১৫ সাল থেকে বাংলাদেশিদের সাধারণ ওয়ার্ক পারমিটে কঠোর বিধিনিষেধ
মিশরে বাংলাদেশি শ্রমিকদের কাজের অনুমতি পাওয়ার বিষয়টি দীর্ঘদিন ধরেই জটিল। কায়রোতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের শ্রম উইং সূত্রে জানা গেছে, ২০১৫ সাল থেকে মিশরে বাংলাদেশি শ্রমিকদের জন্য সাধারণভাবে ওয়ার্ক পারমিট প্রদান বন্ধ রয়েছে।
আরও পড়ুনঃ মিশরে বাংলাদেশি কর্মীদের ভোগান্তি কমাতে দূতাবাসের ব্যতিক্রমী উদ্যোগ
তবে নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে কিছু কারখানায় বাংলাদেশি কর্মীদের ওয়ার্ক পারমিট পাওয়ার সুযোগ রয়েছে। এ ক্ষেত্রে বিমার আওতাভুক্ত কারখানাগুলোকে নির্ধারিত কোটা, মিশরের শ্রম মন্ত্রণালয়ের চাহিদা এবং অন্যান্য প্রযোজ্য শর্ত পূরণ করতে হয়।
এরপর সংশ্লিষ্ট কারখানাকে বাংলাদেশ দূতাবাসে আবেদন করতে হয়। দূতাবাস থেকে প্রয়োজনীয় নোট ভারবেল সংগ্রহের পর প্রচলিত আইনগত প্রক্রিয়া ও বিশেষ বিবেচনায় সংশ্লিষ্ট কর্মীর ওয়ার্ক পারমিটের ব্যবস্থা করা যেতে পারে।
সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, এ সুযোগও সীমিত এবং নির্দিষ্ট সময়ের আগে মিশরে প্রবেশ করা ব্যক্তিদের ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে। তাই মিশরে চাকরির প্রস্তাব পেলেই ওয়ার্ক পারমিট নিশ্চিত এমন ধারণা করা ঠিক নয়।
মিশরে একের পর এক বাংলাদেশি আটক হওয়ার ঘটনায় প্রবাসীদের মধ্যে উদ্বেগ বাড়ছে। বিশেষ করে চাকরির প্রলোভন দেখিয়ে অর্থ আদায়, অনিয়মিত পথে শ্রমিক পাঠানো এবং পরে তাঁদের বিপদের মধ্যে ফেলে রাখার অভিযোগে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে।
প্রবাসীদের মতে, বিদেশে যাওয়ার আগে চাকরি ও ভিসার বৈধতা যাচাইয়ের বিষয়ে বাংলাদেশে আরও সচেতনতা তৈরি করা প্রয়োজন।
একই সঙ্গে প্রতারণার শিকার শ্রমিকদের সহায়তা এবং আটক ব্যক্তিদের বিষয়ে দূতাবাসের মাধ্যমে প্রয়োজনীয় কনস্যুলার সহযোগিতা নিশ্চিত করাও জরুরি।
মিশরে কাজের আশায় যাওয়ার আগে বৈধ ভিসা, ওয়ার্ক পারমিট ও নিয়োগকর্তার তথ্য যাচাই না করলে কর্মসংস্থানের স্বপ্নই শেষ পর্যন্ত গ্রেফতার, আর্থিক ক্ষতি ও দেশে ফেরার অনিশ্চয়তার কারণ হয়ে উঠতে পারে।



