
মদিনায় বিদ্যুৎ সরবরাহের গুরুত্বপূর্ণ অবকাঠামোয় হুথিদের ড্রোন হামলার নিন্দা জানিয়েছে বাংলাদেশ।
ইসলাম ধর্মের অন্যতম পবিত্র শহর সৌদি আরবের মদিনার একটি বিদ্যুৎকেন্দ্রে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথিদের চালানো ড্রোন হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে ঢাকা। একই সঙ্গে সৌদি আরবের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় দেশটির প্রতি ‘পূর্ণ সংহতি’ প্রকাশ করেছে বাংলাদেশ সরকার।
রোববার (৪ অক্টোবর) এক বিবৃতিতে এ অবস্থান জানানো হয়। বাংলাদেশের সরকারি বার্তা সংস্থা বাসস এ তথ্য জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়, মদিনার মসজিদে নববীতে বিদ্যুৎ সরবরাহকারী গুরুত্বপূর্ণ বেসামরিক অবকাঠামোকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। এটিকে ইসলামের অন্যতম পবিত্র স্থানের মর্যাদার ওপর ‘অগ্রহণযোগ্য আক্রমণ’ হিসেবে উল্লেখ করেছে বাংলাদেশ।
এ ছাড়া মধ্যপ্রাচ্যে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করে এমন যেকোনো ধরনের আগ্রাসন বা আক্রমণাত্মক পদক্ষেপ বাংলাদেশ দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করে বলেও বিবৃতিতে জানানো হয়েছে।



