
দেশে গত সেপ্টেম্বর মাসে সড়ক, নৌ ও রেলপথের দুর্ঘটনায় প্রতিদিন গড়ে প্রায় ১৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে শুধু সড়ক দুর্ঘটনাতেই প্রাণ গেছে ৪২৩ জনের।
বেসরকারি সংস্থা রোড সেফটি ফাউন্ডেশনের এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়েছে।
সংস্থাটির তথ্য অনুযায়ী, সেপ্টেম্বর মাসে সারা দেশে প্রায় ৪৪২টি সড়ক দুর্ঘটনা ঘটে। এসব দুর্ঘটনায় অন্তত ৪২৩ জন নিহত এবং ৬৭৪ জন আহত হন। নিহতদের মধ্যে ৬১টি শিশু ও ৭৩ জন নারী রয়েছেন।
যানবাহনের হিসাবে সবচেয়ে বেশি দুর্ঘটনার শিকার হয়েছে মোটরসাইকেল। মোট দুর্ঘটনার প্রায় ৩৪ দশমিক ৮৪ শতাংশে মোটরসাইকেল জড়িত ছিল। এসব দুর্ঘটনায় অন্তত ১৩৯ জন নিহত হয়েছেন, যা সড়ক দুর্ঘটনায় মোট মৃত্যুর প্রায় ৩২ দশমিক ৮৬ শতাংশ।
দুর্ঘটনার সময় বিশ্লেষণ করে রোড সেফটি ফাউন্ডেশন জানিয়েছে, দিনের অন্যান্য সময়ের তুলনায় সকাল, দুপুর ও রাতে দুর্ঘটনা বেশি ঘটেছে। এর মধ্যে সকালে ২৪ দশমিক ৪৩ শতাংশ, দুপুরে ২১ দশমিক ২৬ শতাংশ এবং রাতে ১৬ দশমিক ৯৬ শতাংশ দুর্ঘটনা ঘটে।
সড়ক দুর্ঘটনায় নিহতদের মধ্যে ১০৬ জন ছিলেন পথচারী। মোট নিহতের হিসাবে এ সংখ্যা ২৫ দশমিক শূন্য ৫ শতাংশ।
এদিকে, সেপ্টেম্বর মাসে নৌপথে ১১টি দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় অন্তত ১৬ জন নিহত এবং চারজন নিখোঁজ রয়েছেন।
একই সময়ে রেলপথে ২৩টি দুর্ঘটনায় অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে সেপ্টেম্বর মাসে সড়ক, নৌ ও রেলপথের দুর্ঘটনায় প্রাণহানি দাঁড়িয়েছে অন্তত ৪৫৮ জনে।



