বাণিজ্য

বিশ্ববাজারে প্রযুক্তি শেয়ারের বড় দরপতন!

নভিডিয়ার আয় প্রতিবেদন ও অ্যানথ্রোপিকের আইপিও ঘিরে দরপতন!

 

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই খাতের শীর্ষ প্রতিষ্ঠান এনভিডিয়ার আয় প্রতিবেদন এবং অ্যানথ্রোপিকের বহুল প্রতীক্ষিত শেয়ারবাজারে অভিষেক ঘিরে সতর্ক অবস্থানে রয়েছেন বিনিয়োগকারীরা। এর প্রভাবে সপ্তাহের শুরুতে বিশ্ববাজারে প্রযুক্তি খাতের শেয়ারে দরপতন দেখা গেছে।

আজ সোমবার ( ১৬ নভেম্বর ) এশিয়ার অধিকাংশ প্রধান শেয়ারবাজারে দরপতনের পর ইউরোপের বাজারে মিশ্র প্রবণতা দেখা যায়। অন্যদিকে, ওয়াল স্ট্রিটের প্রধান সূচকগুলোও নিম্নমুখী অবস্থায় লেনদেন শুরু করে।

এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াংয়ের পদত্যাগের খবরে গত সপ্তাহ থেকেই প্রতিষ্ঠানটির শেয়ারে অস্থিরতা চলছে। ব্যক্তিগত সম্পর্ক নিয়ে বিতর্ক ও চীনে নিষিদ্ধ চিপ পাচারের চেষ্টায় জড়িত থাকার অভিযোগ ওঠার পর তিনি পদত্যাগ করেন। তবে এসব অভিযোগের প্রভাব পড়েছে এআই খাতের অন্যতম প্রভাবশালী প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ নেতৃত্ব ও কৌশল নিয়ে বিনিয়োগকারীদের প্রত্যাশায়।

মঙ্গলবার যুক্তরাষ্ট্রের বাজার বন্ধের পর তৃতীয় প্রান্তিকের আয় প্রতিবেদন প্রকাশ করবে এনভিডিয়া। প্রতিষ্ঠানটি এ সময়ে প্রায় ১০ হাজার ৮০০ কোটি ডলার রাজস্ব আয়ের প্রত্যাশা করছে। বাজার বিশ্লেষকদের মতে, শুধু আর্থিক ফলাফল নয়, হুয়াংয়ের বিদায়ের পর প্রতিষ্ঠানের ভবিষ্যৎ পরিকল্পনাও বিনিয়োগকারীদের কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।

এদিকে, বৃহস্পতিবার থেকে শেয়ারবাজারে লেনদেন শুরু হওয়ার কথা এআই চ্যাটবট ক্লডের নির্মাতা প্রতিষ্ঠান অ্যানথ্রোপিকের। পাঁচ বছর বয়সী এই প্রতিষ্ঠানটির আইপিও থেকে প্রায় ৬ হাজার ৫০০ কোটি ডলার সংগ্রহের প্রত্যাশা করা হচ্ছে। এতে কোম্পানিটির সম্ভাব্য বাজারমূল্য দাঁড়াতে পারে ১ লাখ ৩০ হাজার কোটি ডলারে।

বিশ্লেষকদের ধারণা, অ্যানথ্রোপিকের আইপিওতে বিনিয়োগের অর্থ জোগাড় করতে অনেক বিনিয়োগকারী অন্য এআই-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শেয়ার বিক্রি করতে পারেন। পাশাপাশি যুক্তরাষ্ট্রে ডেটা সেন্টার নির্মাণে কঠোর নজরদারির সম্ভাবনাও এ খাতের বিনিয়োগে অনিশ্চয়তা তৈরি করছে।

সোমবার এশিয়ার প্রযুক্তিনির্ভর বাজারগুলোতে বড় দরপতন হয়েছে। তাইওয়ানের শেয়ারবাজারে সূচক কমেছে ৬ শতাংশ, দক্ষিণ কোরিয়ার কোস্পি ৩ দশমিক ৬ শতাংশ এবং জাপানের নিক্কেই সূচক কমেছে ২ দশমিক ৪ শতাংশ।

যুক্তরাষ্ট্রের ডাও জোন্স সূচক ০ দশমিক ২ শতাংশ, এসঅ্যান্ডপি ৫০০ সূচক ০ দশমিক ৮ শতাংশ এবং নাসডাক ১ দশমিক ৪ শতাংশ কমেছে। তবে ইউরোপে লন্ডন ও প্যারিসের বাজারে সামান্য উত্থান দেখা গেছে।

এ সপ্তাহে যুক্তরাষ্ট্রের খুচরা বিক্রির তথ্য এবং ফেডারেল রিজার্ভের অক্টোবরের বৈঠকের কার্যবিবরণী প্রকাশের দিকেও নজর রাখছেন বিনিয়োগকারীরা। এসব তথ্য দেশটির সুদের হার নিয়ে ভবিষ্যৎ সিদ্ধান্তের ইঙ্গিত দিতে পারে।

সম্পর্কিত খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button