
২০২৭ সালের পবিত্র রমজান মাস ৮ ফেব্রুয়ারি শুরু হতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিজ্ঞানীরা। তাঁদের হিসাব অনুযায়ী, আগামী বছরের ঈদুল ফিতর ৯ অথবা ১০ মার্চ হতে পারে। তবে রমজান ও ঈদুল ফিতরের চূড়ান্ত তারিখ নির্ধারিত হবে চাঁদ দেখার ওপর। এ তথ্য জানিয়েছে গালফ নিউজ।
আমিরাত অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এবং আরব ইউনিয়ন ফর অ্যাস্ট্রোনমি অ্যান্ড স্পেস সায়েন্সেসের সদস্য ইব্রাহিম আল জারওয়ান জানিয়েছেন, শনিবার সূর্যাস্তের পর নতুন চাঁদের জন্ম হবে।
আল খালিজ পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, রোববার সন্ধ্যায় নতুন চাঁদ খালি চোখে দেখা যেতে পারে। সে ক্ষেত্রে হিজরি ১৪৪৮ সালের জমাদিউল আউয়াল মাস ১২ অক্টোবর শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। জমাদিউল আউয়াল শুরু হলে পবিত্র রমজান আসতে আরও চারটি চান্দ্র মাস বাকি থাকবে।
জ্যোতির্বিজ্ঞানের হিসাব অনুযায়ী, ২০২৭ সালের ৮ ফেব্রুয়ারি রমজান শুরু হতে পারে। এ মাস ২৯ অথবা ৩০ দিনের হতে পারে। সেই হিসাবে ঈদুল ফিতর উদ্যাপিত হতে পারে ৯ অথবা ১০ মার্চ।
ইব্রাহিম আল জারওয়ান বলেন, ইসলামি চন্দ্রবর্ষের অন্যতম বৈশিষ্ট্য হলো, বিশেষ কোনো যন্ত্রপাতি কিংবা জটিল জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব ছাড়াই চাঁদের অবস্থান পর্যবেক্ষণ করে মাসের অগ্রগতি বোঝা যায়।
চাঁদের আকৃতি ও আকাশে দৃশ্যমান অবস্থার পরিবর্তন পর্যবেক্ষণ করে নতুন মাসের প্রথম চাঁদ, অর্ধচন্দ্র ও পূর্ণিমা শনাক্ত করা সম্ভব। এরপর চাঁদ ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হয়ে একসময় অদৃশ্য হয়ে যায়। চাঁদের এই পর্যায়গুলো পর্যবেক্ষণের মাধ্যমে চান্দ্র মাসের হিসাব রাখা হয়। ইসলামি বর্ষপঞ্জি মূলত এই চন্দ্রচক্রের ওপর নির্ভরশীল।
এদিকে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ বিশ্ববিদ্যালয়ের অধীন শারজাহ স্পেস অ্যান্ড অ্যাস্ট্রোনমি হাব চাঁদ দেখার বিষয়ে ভিন্ন মূল্যায়ন দিয়েছে।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, জ্যোতির্বিজ্ঞানের হিসাব অনুযায়ী, ১১ অক্টোবর সূর্যাস্তের পর জমাদিউল আউয়াল মাসের সূচনাকারী চাঁদ খালি চোখে কিংবা প্রচলিত দূরবীক্ষণ যন্ত্রে দেখা যাবে না। তবে উন্নত জ্যোতির্বৈজ্ঞানিক আলোকচিত্র প্রযুক্তি ব্যবহার করে সূর্যাস্তের আগেই চাঁদ শনাক্ত করা সম্ভব হতে পারে।
প্রতিষ্ঠানটির মতে, যেসব দেশ জ্যোতির্বিজ্ঞানের হিসাব অথবা হিসাবভিত্তিক পর্যবেক্ষণের ওপর নির্ভর করে, সেসব দেশে ১২ অক্টোবর, সোমবার থেকে জমাদিউল আউয়াল মাস শুরু হতে পারে। অন্যদিকে, যেসব দেশে সূর্যাস্তের পর খালি চোখে কিংবা দূরবীক্ষণ যন্ত্রের সাহায্যে চাঁদ দেখা বাধ্যতামূলক, সেসব দেশে মাসটি শুরু হতে পারে ১৩ অক্টোবর, মঙ্গলবার।
তবে জ্যোতির্বিজ্ঞানীদের এই পূর্বাভাসগুলো সম্ভাব্য তারিখ নির্দেশ করে। পবিত্র রমজান মাসের শুরু এবং ঈদুল ফিতরের চূড়ান্ত তারিখ আনুষ্ঠানিকভাবে চাঁদ দেখার পরই নিশ্চিত করা হবে।



