আন্তর্জাতিক

মোদি সরকারের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন এল মুরুগান

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন তথ্য ও সম্প্রচার এবং সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী এল মুরুগান। একই সঙ্গে রাজ্যসভার সদস্যপদ থেকেও পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ২০২৯ সালের লোকসভা নির্বাচনের আগে তামিলনাড়ুতে বিজেপির সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করতে তৃণমূল পর্যায়ে ফিরে কাজ করতে চান তিনি।

মঙ্গলবার ভারতের সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়েছে, তামিলনাড়ু থেকে নির্বাচিত রাজ্যসভার সদস্য এল মুরুগান কেন্দ্রীয় মন্ত্রিসভা ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। দলের নেতাকর্মীদের সঙ্গে সরাসরি কাজ করা এবং রাজ্যটিতে বিজেপির সাংগঠনিক কার্যক্রম জোরদার করাই তাঁর এই সিদ্ধান্তের উদ্দেশ্য।

দেশটির একাধিক সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, কেন্দ্রীয় মন্ত্রীর দায়িত্ব ও রাজ্যসভার সদস্যপদ থেকে অব্যাহতি চেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে অনুরোধ জানিয়েছেন মুরুগান। ২০২৯ সালের লোকসভা নির্বাচন সামনে রেখে তামিলনাড়ুতে দলের ভিত্তি মজবুত করতে তিনি নিজের পুরো সময় ও মনোযোগ দিতে চান।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে নিজের সিদ্ধান্তের কথা জানান এল মুরুগান। সেখানে তিনি লেখেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারতমাতা ও তামিলনাড়ুর সেবা করা আমার জীবনের সবচেয়ে বড় সম্মানের।’

পোস্টে মুরুগান আরও বলেন, ‘আমি এখন তৃণমূল পর্যায়ে ফিরে যেতে চাই, আমাদের নেতাকর্মীদের পাশে দাঁড়াতে চাই এবং ২০২৯ সালের লোকসভা নির্বাচনের আগে তামিলনাড়ুতে বিজেপিকে শক্তিশালী করার জন্য পূর্ণ সময় উৎসর্গ করতে চাই। সবার আগে দেশ, তারপর দল, সবার শেষে নিজের স্বার্থ।’

ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভায় বড় ধরনের রদবদল হতে পারে, এমন গুঞ্জনের মধ্যেই এল মুরুগানের পদত্যাগের ঘোষণা এল। দেশটির জ্বালানিমন্ত্রী হারদীপ সিং পুরীসহ রাজ্যসভার কয়েকজন সদস্য ও মন্ত্রীকে পুনরায় মনোনয়ন না দেওয়ার পর মন্ত্রিসভায় পরিবর্তনের সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়। এর মধ্যেই মুরুগানের পদত্যাগের সিদ্ধান্ত নতুন করে আলোচনায় এসেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button