আন্তর্জাতিক

২ হাজারের বেশি ফিলিস্তিনি শিশুকে আটক করেছে ইসরাইল

২০২৩ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত ইসরাইলি বাহিনীর হাতে ২ হাজারের বেশি ফিলিস্তিনি শিশু আটক হয়েছে। তাদের মধ্যে ৩৫০ জনকে ‘কঠোর ও অমানবিক পরিস্থিতিতে’ আটকে রাখা হয়েছে বলে অভিযোগ করেছে ফিলিস্তিনি প্রিজনার্স সোসাইটি। বুধবার (১৪ অক্টোবর) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংগঠনটি। খবর আল-জাজিরার।

প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিস্তিনি শিশুদের লক্ষ্য করে বিভিন্ন ধরনের দমনমূলক পদক্ষেপ নিচ্ছে ইসরাইলি কর্তৃপক্ষ। ভয়ভীতি দেখানো ও গ্রেপ্তারের মধ্য দিয়ে এসব পদক্ষেপ শুরু হলেও পরে তা নির্যাতন, অনাহারে রাখা এবং প্রয়োজনীয় চিকিৎসাসেবা থেকে বঞ্চিত করার মতো পরিস্থিতিতে গড়াচ্ছে বলে অভিযোগ করেছে সংগঠনটি।

ফিলিস্তিনি প্রিজনার্স সোসাইটির মতে, অভিযোগ গঠন না করে কিংবা মুক্তির নির্দিষ্ট তারিখ ছাড়াই শিশুদের আটক রাখার ইসরাইলি নীতি তাদের অধিকার লঙ্ঘন করছে। সংগঠনটি এ ধরনের কর্মকাণ্ডকে আরও গুরুতর অপরাধের শামিল বলেও উল্লেখ করেছে।

প্রতিবেদনে আরও বলা হয়, এভাবে আটকে রাখার ফলে শিশুরা অনিশ্চয়তার মধ্যে পড়ছে। তাদের অনেকেই পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে স্বাভাবিক শিক্ষা ও পারিবারিক জীবন থেকে বঞ্চিত হচ্ছে।

আটক ফিলিস্তিনি শিশুদের মুক্তি নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে ফিলিস্তিনি প্রিজনার্স সোসাইটি।

সংগঠনটির দাবি, নির্বিচারে আটক শিশুদের মুক্তি নিশ্চিত করার পাশাপাশি এসব ঘটনার নিরপেক্ষ তদন্ত করতে হবে। একই সঙ্গে শিশুদের নির্যাতন, অনাহারে রাখা এবং প্রয়োজনীয় চিকিৎসাসেবা থেকে বঞ্চিত করার মতো কর্মকাণ্ড বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে।

ফিলিস্তিনি প্রিজনার্স সোসাইটির মতে, আটক শিশুদের সুরক্ষা ও অধিকার নিশ্চিত করা এবং তাদের স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার সুযোগ করে দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও জোরালো ভূমিকা রাখা প্রয়োজন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button