
সৌদি আরবে অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলতে নাগরিকদের পরামর্শ দিয়েছে জাপান সরকার। দেশটির উত্তর ও পশ্চিমাঞ্চলের কয়েকটি এলাকার জন্য ভ্রমণ সতর্কতার মাত্রাও বাড়ানো হয়েছে। ইয়েমেনে চলমান সংঘাতের কারণে সৌদি আরবে আরও হামলার আশঙ্কা থেকে এ সতর্কতা জারি করা হয়েছে।
গত বুধবার জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় প্রকাশিত হালনাগাদ সতর্কবার্তায় সৌদি আরবের উত্তর ও পশ্চিমাঞ্চলের বেশ কয়েকটি এলাকার জন্য চার ধাপের সতর্কতামাত্রা সূচকে অবস্থান এক থেকে বাড়িয়ে দুই করা হয়েছে।
তবে ইয়েমেন সীমান্তসংলগ্ন এলাকাগুলোতে সতর্কতার মাত্রা তিনে রাখা হয়েছে। এসব এলাকায় জাপানি নাগরিকদের সব ধরনের ভ্রমণ থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
সতর্কবার্তায় সৌদি আরবের বিমানবন্দর ব্যবহার করা এবং সেগুলোর আশপাশে যাতায়াতের ক্ষেত্রেও নাগরিকদের সতর্ক করেছে জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ৫ অক্টোবর থেকে হুথিদের হামলার ঘটনা বেড়েছে। এসব হামলার মধ্যে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে চালানো একটি হামলায় ১৩ জন নিহত এবং ৩০০ জনের বেশি মানুষ আহত হয়েছেন বলে উল্লেখ করা হয়েছে।
জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় আরও বলেছে, ইয়েমেনে সংঘাত অব্যাহত থাকায় ভবিষ্যতে সৌদি আরবে আরও হামলা হতে পারে। এ পরিস্থিতিতে যেসব জাপানি নাগরিক সৌদি আরব ভ্রমণের পরিকল্পনা করছেন, তাঁদের সফর স্থগিত করার বিষয়টি বিবেচনা করতে বলা হয়েছে।
সৌদি আরবের নিরাপত্তা পরিস্থিতির অবনতির আশঙ্কায় জাপানের এ সতর্কবার্তা দেওয়া হয়েছে।



