যুক্তরাষ্ট্রে চাকরির সুযোগ, বাংলা জানা প্রার্থীদের অগ্রাধিকার
যুক্তরাষ্ট্রে ঘণ্টায় ২২ ডলারে চাকরির সুযোগ,স্নাতকের দ্বিতীয় বর্ষ শেষ করলেই আবেদন করতে পারবেন

যুক্তরাষ্ট্রে পার্টটাইম চাকরির সুযোগ দিচ্ছে নিউইয়র্ক পাবলিক লাইব্রেরি (এনওয়াইপিএল)। প্রতিষ্ঠানটির ‘আফটার স্কুল’ কর্মসূচির আওতায় ম্যানহাটনের ব্লুমিংডেল লাইব্রেরি শাখায় ‘আফটার স্কুল টিউটর’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। এ পদে ঘণ্টাপ্রতি ২২ মার্কিন ডলার বেতন দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবে ।
বেতন ও কর্মঘণ্টা
নির্বাচিত প্রার্থীদের সপ্তাহে চার দিন, অর্থাৎ সোমবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন চার ঘণ্টা করে মোট ১৬ ঘণ্টা কাজ করতে হবে। দুপুর ২টা থেকে সন্ধ্যা ৭টার মধ্যে শিফট নির্ধারণ করা হবে।
সে হিসাবে ঘণ্টাপ্রতি ২২ ডলার বেতনে সপ্তাহে আয় হবে ৩৫২ ডলার। চার সপ্তাহে আয় দাঁড়াবে ১ হাজার ৪০৮ ডলার। আর বছরের ৫২ সপ্তাহের গড় হিসাবে কর কাটার আগে মাসিক আয় হতে পারে প্রায় ১ হাজার ৫২৩ ডলার। তবে সরকারি ছুটি ও কর্মসূচির বিরতির কারণে প্রকৃত আয়ে তারতম্য হতে পারে।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
আবেদনকারীর স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে স্নাতক ডিগ্রি থাকতে হবে। তবে স্নাতক পর্যায়ে অধ্যয়নরত শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন। সে ক্ষেত্রে অন্তত দুই বছরের পড়াশোনা সম্পন্ন হতে হবে।
পাশাপাশি শিশু-কিশোরদের সঙ্গে শিক্ষামূলক পরিবেশে কাজের পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে। প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের গণিত, বিজ্ঞান, পড়া, ইংরেজি ভাষা ও সামাজিক বিজ্ঞানসহ বিভিন্ন বিষয়ে পড়ানোর অভিজ্ঞতাও প্রয়োজন।
বাংলা ভাষা জানা প্রার্থীদের অগ্রাধিকার
নিয়োগ বিজ্ঞপ্তিতে দ্বিতীয় ভাষায় যোগাযোগের দক্ষতাকে বাড়তি যোগ্যতা হিসেবে বিবেচনা করা হবে বলে উল্লেখ করা হয়েছে। বিশেষ করে বাংলা, আরবি, চীনা, ফরাসি, স্প্যানিশ ও উর্দু ভাষায় দক্ষ প্রার্থীরা অগ্রাধিকার পাবেন।
তাই বাংলা ভাষায় দক্ষতা থাকা প্রার্থীদের জন্য এটি বাড়তি সুযোগ হতে পারে। তবে বাংলা জানা বাধ্যতামূলক নয় এবং শুধু বাংলা ভাষা জানলেই চাকরি নিশ্চিত হবে না।
কাজের দায়িত্ব ও মেয়াদ
নির্বাচিত টিউটরদের লাইব্রেরিতে আসা ৬ থেকে ১২ বছর বয়সী শিশুদের বিনামূল্যে বাড়ির কাজ বা হোমওয়ার্কে সহায়তা করতে হবে। পাশাপাশি বিভিন্ন শিক্ষামূলক কার্যক্রম পরিচালনা, শিক্ষার্থীদের উপস্থিতির হিসাব রাখা এবং শিক্ষা উপকরণ বিতরণের দায়িত্ব পালন করতে হবে।
২০২৬-২৭ শিক্ষাবর্ষের এ কর্মসূচি চলবে ২০২৭ সালের ৯ জুন পর্যন্ত। স্কুল বন্ধ, সরকারি ছুটি ও গ্রীষ্মকালীন ছুটির সময় নিয়মিত কাজের সময়সূচি থাকবে না। প্রয়োজনে কর্মীদের স্টাফ মিটিং ও প্রশিক্ষণে অংশ নিতে হতে পারে।
আবেদন করবেন যেভাবে
আগ্রহী প্রার্থীরা নিউইয়র্ক পাবলিক লাইব্রেরির নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে গিয়ে ‘NYPL After School Tutor – Bloomingdale Library’ পদটি খুঁজে অনলাইনে আবেদন করতে পারবেন।
আবেদনের লিংক: https://nypl.pinpointhq.com/en



