
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে কেয়ার বাংলাদেশের একটি প্রতিনিধিদল। মঙ্গলবার বঙ্গভবনে প্রতিষ্ঠানটির সিনিয়র স্ট্র্যাটেজিক অ্যাডভাইজার আর্ল রবার্ট মিলারের নেতৃত্বে প্রতিনিধিদলটি রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে।
সাক্ষাৎকালে প্রতিনিধিদলের সদস্যরা বাংলাদেশে কেয়ার বাংলাদেশের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। তারা জানান, দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় প্রস্তুতি জোরদার, তৈরি পোশাক খাতে নারীদের প্রশিক্ষণ এবং এ খাতের বিভিন্ন সমস্যা সমাধানে কাজ করছে কেয়ার বাংলাদেশ।
এ ছাড়া কৃষি, স্বাস্থ্য ও পুষ্টি খাতেও বিভিন্ন প্রকল্প পরিচালনা করছে প্রতিষ্ঠানটি। পাশাপাশি রোহিঙ্গাদের মানবিক সহায়তা, কর্মসংস্থান সৃষ্টি এবং নারীর ক্ষমতায়নেও কেয়ার বাংলাদেশের কার্যক্রম রয়েছে বলে প্রতিনিধিদল জানায়।
প্রতিনিধিদল আরও জানায়, বাংলাদেশে কেয়ার বাংলাদেশের চারটি ভোকেশনাল ট্রেনিং সেন্টার রয়েছে। এসব প্রশিক্ষণকেন্দ্রের মাধ্যমে প্রতিষ্ঠানটি তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
কেয়ার বাংলাদেশের এসব কার্যক্রম অব্যাহত রাখার পাশাপাশি এর সুযোগ ও পরিসর আরও বাড়ানোর আহ্বান জানান রাষ্ট্রপতি। তিনি বলেন, বাংলাদেশে একসময় কেয়ার বাংলাদেশ অত্যন্ত পরিচিত ও জনপ্রিয় একটি নাম ছিল। তখন প্রতিষ্ঠানটি দেশের আর্থসামাজিক উন্নয়নে ব্যাপক ভূমিকা রেখেছে।
রাষ্ট্রপতি কেয়ার বাংলাদেশের কাজের সেই পুরোনো ঐতিহ্য ফিরিয়ে আনার আহ্বান জানান।
এ সময় রাষ্ট্রপতির সচিবরা এবং কেয়ার বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর রাম দাস উপস্থিত ছিলেন।



