জাতীয়

শাহজালালে তিন যাত্রীর ব্যাগ থেকে ৩২ লাখ টাকার পণ্য জব্দ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিন যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে ৬৩১ কার্টন বিদেশি সিগারেটসহ মোবাইল ফোন ও ল্যাপটপ জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। জব্দ করা পণ্যগুলোর আনুমানিক বাজারমূল্য ৩২ লাখ ৪০ হাজার টাকা।

মঙ্গলবার (৬ অক্টোবর) শারজাহ থেকে ঢাকায় আসা জি৯-৫৭১ ফ্লাইটের যাত্রীদের ব্যাগেজে অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেল, এয়ারপোর্টের ‘সি’ শিফটের কর্মকর্তারা বিমানবন্দরে সতর্ক অবস্থান নেন। পরে জি৯-৫৭১ ফ্লাইটে আসা যাত্রীদের ব্যাগেজ স্ক্যান ও তল্লাশি করা হয়।

তল্লাশির একপর্যায়ে তিন যাত্রীর ব্যাগেজে বিদেশি সিগারেটসহ বিভিন্ন পণ্য পাওয়া যায়। এর মধ্যে মোহাম্মদ শাহীনের ব্যাগেজ থেকে ৩২০ কার্টন সিগারেট, একটি মোবাইল ফোন ও একটি ল্যাপটপ জব্দ করা হয়।

কে এম ফজল হকের ব্যাগেজ থেকে ১২৫ কার্টন সিগারেট ও একটি ল্যাপটপ এবং বেলায়েত ভূঁইয়া হোসাইনের ব্যাগেজ থেকে ১৮৬ কার্টন সিগারেট ও একটি ল্যাপটপ জব্দ করা হয়েছে।

সব মিলিয়ে তিন যাত্রীর কাছ থেকে ৬৩১ কার্টন বিদেশি সিগারেট, একটি মোবাইল ফোন ও তিনটি ল্যাপটপ আটক করা হয়। জব্দ করা এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ৩২ লাখ ৪০ হাজার টাকা।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button