জাতীয়

পুলিশে বড় রদবদল, বদলি ২৪ ঊর্ধ্বতন কর্মকর্তা

বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ে বড় ধরনের রদবদল আনা হয়েছে। তিনটি পৃথক প্রজ্ঞাপনে ডিআইজি, অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার পদমর্যাদার ২৪ কর্মকর্তাকে বদলি ও নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে।

রোববার (৪ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে পৃথক তিনটি প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনগুলোতে স্বাক্ষর করেন উপসচিব তৌছিফ আহমেদ।

বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে তিনজন ডিআইজি, ১২ জন অতিরিক্ত ডিআইজি এবং নয়জন পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন।

এক প্রজ্ঞাপনে স্পেশাল রেসপন্স ইউনিটের (এসআরইউ, সাবেক এটিইউ) ডিআইজি ড. মো. আক্কাস উদ্দিন ভূঁইয়াকে পুলিশ স্টাফ কলেজে পদায়ন করা হয়েছে। একই কলেজে পদায়ন করা হয়েছে পুলিশের বিশেষ শাখার (এসবি) ডিআইজি মো. মাহমুদুর রহমানকেও।

অন্যদিকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ডিআইজি মোহাম্মদ হাসান বারী নূরকে ম্যাস র‌্যাপিড ট্রানজিট (মেট্রোরেল) প্রকল্পে পদায়ন করা হয়েছে।

পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তাদের মধ্যেও বেশ কয়েকজনকে বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে। সিআইডির পুলিশ সুপার এ টি এম মোশাররফ হোসেনকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (ডিসি) করা হয়েছে। ডিএমপির উপপুলিশ কমিশনার সৈয়দ মোহাম্মদ ফরহাদকেও একই পদে গাজীপুর মেট্রোপলিটন পুলিশে বদলি করা হয়েছে।

পুলিশ স্টাফ কলেজের পুলিশ সুপার মাহবুবুল আলমকে সিআইডির বিশেষ পুলিশ সুপার এবং কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে সংযুক্ত পুলিশ সুপার মোহাম্মদ হুমায়ুন কবিরকে ট্যুরিস্ট পুলিশে পদায়ন করা হয়েছে।

এ ছাড়া পুলিশের বিশেষ শাখার পুলিশ সুপার আশ্রাফুজ্জামানকে খুলনা মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার করা হয়েছে। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পুলিশ সুপার ইয়াছমিন খাতুনকে এসবিতে বদলি করা হয়েছে।

পুলিশ সদর দপ্তরের এআইজি নিশাত এ্যঞ্জেলাকে ট্যুরিস্ট পুলিশে এবং বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার মোহাম্মদ ইমদাদ হুসাইনকে এসআরইউয়ের পুলিশ সুপার পদে পদায়ন করা হয়েছে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার কবীর আহম্মেদকে খুলনা মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার পদে বদলি করা হয়েছে।

এ ছাড়া পৃথক আরেকটি প্রজ্ঞাপনে ১২ জন অতিরিক্ত ডিআইজিকে বদলি ও নতুন কর্মস্থলে পদায়নের কথা জানানো হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এসব আদেশ অবিলম্বে কার্যকর হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button