
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ২০ থেকে ২২ অক্টোবর টানা তিন দিনের ছুটি থাকলেও ১৭ অক্টোবর শনিবার সরকারি অফিস খোলা থাকবে। একই সঙ্গে ওই দিন বেসরকারি অফিসসহ সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানও খোলা থাকবে।
বুধবার (৭ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি-৬ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে ২০, ২১ ও ২২ অক্টোবর, অর্থাৎ মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার সাধারণ ছুটি থাকবে। তবে ১৭ অক্টোবর শনিবার সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস খোলা থাকবে।
ছুটির বাইরে থাকবে জরুরি পরিষেবাগুলো। এর মধ্যে রয়েছে বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি সরবরাহ, ফায়ার সার্ভিস, বন্দরগুলোর কার্যক্রম, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট সেবা, ডাকসেবা এবং এসব সেবার সঙ্গে সংশ্লিষ্ট যানবাহন ও কর্মীরা। হাসপাতাল ও জরুরি সেবার সঙ্গে যুক্ত প্রতিষ্ঠান ও কর্মীরাও ছুটির আওতামুক্ত থাকবেন।
এ ছাড়া চিকিৎসাসেবায় নিয়োজিত চিকিৎসক ও কর্মী এবং ওষুধ ও চিকিৎসাসামগ্রী পরিবহনে ব্যবহৃত যানবাহন ও সংশ্লিষ্ট কর্মীরা ছুটির বাইরে থাকবেন। জরুরি কাজের সঙ্গে সংশ্লিষ্ট অফিসগুলোর ক্ষেত্রেও এ ছুটি প্রযোজ্য হবে না।
ব্যাংকিং কার্যক্রম চালু রাখার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা বাংলাদেশ ব্যাংক দেবে। আর আদালতের কার্যক্রমের বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেবে সুপ্রিম কোর্ট।
বেসরকারি খাতের শিল্পপ্রতিষ্ঠান, কলকারখানা ও অন্যান্য প্রতিষ্ঠানে সাধারণ ছুটি দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ অনুযায়ী শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় প্রয়োজনীয় নির্দেশনা দেবে।



