
সাভারের আশুলিয়ায় জুট ও তুলার গোডাউনে লাগা আগুন ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। আগুন ছড়িয়ে পড়ায় গোডাউনগুলোর পাশের কয়েকটি বাড়ির কক্ষও পুড়ে গেছে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
শুক্রবার (৯ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে আশুলিয়ার জামগড়া এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে রাত ১২টা ২০ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, শুক্রবার রাতে জামগড়া এলাকার একটি তুলার গোডাউনে আগুনের শিখা দেখতে পান স্থানীয় বাসিন্দারা। অল্প সময়ের মধ্যেই গোডাউনে মজুত তুলায় আগুন ছড়িয়ে পড়ে। পরে আগুনের তীব্রতা বাড়লে তা পাশের জুটের গোডাউন ও বসতবাড়িতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
এ বিষয়ে ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক হাফিজুর রহমান ঢাকা পোস্টকে বলেন, আগুনে ১০টি গোডাউন পুড়ে গেছে। আগুন ছড়িয়ে পড়ায় পাশের কয়েকটি বাড়িতেও আগুন লাগে। তবে অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে হয়েছে এবং এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
অগ্নিকাণ্ডে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণের বিষয়টি এখনো নিশ্চিত নয়।



