
সৌদি আরবের মক্কায় একটি মসজিদের ভেতরে অনৈতিক কাজের অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর প্রকাশিত হলেও এ বিষয়ে বাংলাদেশি কূটনৈতিক মিশনকে আগে থেকে কিছু জানানো হয়নি। এ ঘটনায় দুই বাংলাদেশির বিরুদ্ধে আনা অভিযোগ, বিচারপ্রক্রিয়া ও আদালতের রায়ের বিস্তারিত জানতে সৌদি কর্তৃপক্ষকে চিঠি দিয়েছে জেদ্দার বাংলাদেশ কনস্যুলেট।
বৃহস্পতিবার জেদ্দার পররাষ্ট্র দপ্তরে এ চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয় ও জেদ্দা কনস্যুলেটের কর্মকর্তারা।
কনস্যুলেটের এক কর্মকর্তা বলেন, গণমাধ্যমে যে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর প্রকাশিত হয়েছে, তাঁদের বিচারপ্রক্রিয়া কিংবা দণ্ড কার্যকরের বিষয়ে বাংলাদেশ দূতাবাসকে কোনো কূটনৈতিক পত্র পাঠানো হয়নি। এ বিষয়ে কোনো তথ্যও জানানো হয়নি।
সৌদি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, মক্কার একটি মসজিদের ভেতরে অনৈতিক কাজের অভিযোগে গত বুধবার দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। তাঁরা হলেন নজরুল ইসলাম আবদুল বাসির ও সিথি আক্তার।
মৃত্যুদণ্ড কার্যকরের খবর প্রকাশিত হওয়ার পর তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগ, মামলার বিবরণ এবং আদালতের রায় সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে সৌদি কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ কনস্যুলেট।



