
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সামনে রেখে ভোটার তালিকা চূড়ান্ত করার নতুন সময়সূচি নির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৫ নভেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। আর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ২৫ নভেম্বর। ভোটার এলাকা বা ঠিকানা পরিবর্তনের জন্য আবেদন করা যাবে ৩১ অক্টোবর পর্যন্ত।
শনিবার (১৭ অক্টোবর) পৃথক চিঠির মাধ্যমে মাঠপর্যায়ের কর্মকর্তাদের এ সিদ্ধান্ত জানিয়েছে ইসি।
নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানান, আগামী ২১ জানুয়ারি প্রথম ধাপের ইউপি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এবার মোট পাঁচ ধাপে এ নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে। প্রথম ধাপের নির্বাচনের তফসিল আগামী ডিসেম্বরে ঘোষণা করা হতে পারে। এ নির্বাচন আয়োজনের সুবিধার্থে ২৫ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে কমিশন।
এর আগে গত সেপ্টেম্বরে ভোটার এলাকা পরিবর্তনের আবেদনের সময় শেষ হয়েছিল। তখন নভেম্বরে নির্বাচন আয়োজনের পরিকল্পনা ছিল ইসির। তবে নির্বাচনের সময় পিছিয়ে যাওয়ায় ভোটার তালিকা চূড়ান্ত করার সময়সূচিও নতুন করে নির্ধারণ করা হয়েছে।
মাঠপর্যায়ের কর্মকর্তাদের কাছে পাঠানো চিঠিতে বলা হয়েছে, ২০০৮ সালের ৩১ অক্টোবর বা তার আগে যাঁদের জন্ম, তাঁরা নতুন ভোটার হিসেবে নিবন্ধিত হতে পারবেন। আগামী ৫ নভেম্বর সারা দেশে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। এ তালিকা নিয়ে কারও কোনো আপত্তি থাকলে তা ২০ নভেম্বরের মধ্যে জানাতে হবে।
খসড়া তালিকার ওপর জমা পড়া দাবি ও আপত্তি ২৪ নভেম্বরের মধ্যে নিষ্পত্তি করা হবে। এরপর ২৫ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।
ভোটার এলাকা পরিবর্তনের বিষয়ে পাঠানো অন্য চিঠিতে বলা হয়েছে, এ-সংক্রান্ত আবেদন জমা দেওয়ার শেষ সময় ৩১ অক্টোবর। জমা পড়া আবেদনগুলো ৫ নভেম্বরের মধ্যে নিষ্পত্তি করতে হবে।



