
নতুন শিক্ষাবর্ষের শুরুতেই দেশের সব শিক্ষার্থীর হাতে পাঠ্যপুস্তক পৌঁছে দিতে বই ছাপার কাজের অগ্রগতি সরেজমিনে দেখতে রাজধানীর তেজগাঁওয়ের একটি ছাপাখানা পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর প্রাথমিক ও গণশিক্ষাবিষয়ক বিশেষ সহকারী ব্যারিস্টার গিয়াস উদ্দিন রিমন।
শনিবার (১৭ অক্টোবর) গভীর রাতে তিনি আকস্মিকভাবে ওই ছাপাখানায় যান। এ সময় জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) কর্মকর্তারা তাঁর সঙ্গে ছিলেন।
ছাপাখানা পরিদর্শনকালে প্রাথমিক, মাধ্যমিক ও ইবতেদায়ি মাদ্রাসার পাঠ্যবই মুদ্রণের অগ্রগতি খতিয়ে দেখেন গিয়াস উদ্দিন রিমন। পাশাপাশি বই ছাপার মান, কাগজের গুণগত মান, কাটিং ও বাঁধাইয়ের কাজ এবং উপজেলা পর্যায়ে বই পাঠানোর পুরো প্রক্রিয়া নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন তিনি।
এ সময় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বলেন, প্রধানমন্ত্রীর সুনির্দিষ্ট নির্দেশনা অনুযায়ী দেশের সব শিক্ষার্থীর হাতে নির্ধারিত সময়ে নতুন পাঠ্যবই পৌঁছে দিতে সরকার বদ্ধপরিকর।
এর আগে শনিবার বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আবদুল খালেককে সঙ্গে নিয়ে এনসিটিবি কার্যালয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেন গিয়াস উদ্দিন রিমন। বৈঠকে পাঠ্যপুস্তক মুদ্রণের সার্বিক অগ্রগতি পর্যালোচনা করা হয়।
নতুন শিক্ষাবর্ষের শুরুতেই শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়ার লক্ষ্যে প্রস্তুতি আরও জোরদার করার তাগিদ দেওয়া হয় ওই বৈঠকে।



