জাতীয়

শাহজালালে ১৫ থেকে ২০ মিনিটেই লাগেজ পাচ্ছেন যাত্রীরা: বিমানমন্ত্রী

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চালু হওয়া লাইভ ব্যাগেজ মনিটরিং সেবায় সন্তুষ্টি জানিয়েছেন যাত্রীরা। এ ব্যবস্থার মাধ্যমে ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে লাগেজ হাতে পাচ্ছেন বলে জানিয়েছেন তাঁরা। যাত্রীদের ভোগান্তি কমাতে এ সেবা অব্যাহত রাখার প্রত্যাশাও জানিয়েছেন তাঁরা।

সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যা সাতটার দিকে বিমানবন্দর পরিদর্শন শেষে এ কথা জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত। এ সময় তিনি ব্যাগেজ বেল্ট এলাকায় অপেক্ষমাণ যাত্রীদের সঙ্গে কথা বলেন এবং লাগেজ পেতে তাঁদের অভিজ্ঞতা সম্পর্কে খোঁজখবর নেন।

পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছিলেন, ‘আই হ্যাভ এ প্ল্যান’। তাঁর পরিকল্পনাগুলো ধীরে ধীরে বিভিন্ন ক্ষেত্রে বাস্তবায়ন করা হচ্ছে। প্রায় দুই মাস আগে যাত্রীদের জন্য লাইভ ব্যাগেজ মনিটরিং ব্যবস্থা চালুর পরিকল্পনা নেওয়া হয়েছিল। এখন সেই পরিকল্পনার বাস্তবায়ন দেখা যাচ্ছে।

এম. রশিদুজ্জামান মিল্লাত বলেন, যাত্রীরা তাঁকে জানিয়েছেন, তাঁরা ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে লাগেজ হাতে পেয়েছেন। তবে ভবিষ্যতেও এই সেবার মান ধরে রাখার প্রত্যাশা জানিয়েছেন তাঁরা। যাত্রীসেবার মান বজায় রাখা এবং বিমানবন্দরে যাত্রীদের ভোগান্তি কমানোর বিষয়ে সরকার গুরুত্ব দিচ্ছে।

এদিকে রিয়াদগামী ফ্লাইট স্থগিতের বিষয়ে বিমানমন্ত্রী বলেন, সৌদি কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী রিয়াদে ফ্লাইট চলাচল আপাতত বন্ধ রয়েছে। সংশ্লিষ্ট সৌদি কর্তৃপক্ষ ফ্লাইট পরিচালনার অনুমোদন দিলে এ রুটে আবারও ফ্লাইট চালু করা হবে। তবে যাত্রীদের ভোগান্তি কমাতে বিকল্প ব্যবস্থা হিসেবে দাম্মাম অথবা মদিনা রুটে কিছু যাত্রী পরিবহনের জন্য কাজ চলছে।

মন্ত্রী আরও বলেন, যাত্রীসেবার মানোন্নয়ন, লাগেজ ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করা এবং বিমানবন্দরে যাত্রীদের ভোগান্তি কমাতে সরকারের জনকল্যাণমূলক উদ্যোগ অব্যাহত থাকবে।

পরিদর্শনকালে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের নবনিযুক্ত সচিব ড. নূরুন্নাহার চৌধুরী, এনডিসিসহ মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button