
নতুন জাতীয় বেতনকাঠামো অনুযায়ী, চলতি অক্টোবর মাসের শেষ দিকে বর্ধিত হারে মূল বেতন পেতে শুরু করবেন সরকারি চাকরিজীবীরা। তবে আপাতত বিভিন্ন ধরনের ভাতা দেওয়া হবে আগের নিয়মে। ভাতা কার্যকরের বিষয়ে সোমবার (১৯ অক্টোবর) প্রজ্ঞাপন জারি করেছে অর্থ বিভাগ।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর ও সংস্থা, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মচারীদের ক্ষেত্রে এ সিদ্ধান্ত কার্যকর হবে।
এতে বলা হয়েছে, সরকারি চাকরিজীবীদের ২০২৬ সালের বেতন ও ভাতাদি আদেশে নির্ধারিত মূল বেতন কার্যকর না হওয়া পর্যন্ত প্রচলিত মূল বেতনের শতকরা হারে ভাতা দেওয়া হবে। অর্থাৎ, নতুন বেতনকাঠামো অনুযায়ী মূল বেতন বাড়লেও আপাতত ভাতার হিসাব হবে আগের নিয়মে।
এর আগে গত ১৯ সেপ্টেম্বর বেতন ও ভাতাদি আদেশের প্রজ্ঞাপন জারি করা হয়েছিল। তখন জানানো হয়েছিল, নতুন বেতনকাঠামো অনুযায়ী ভাতা পরবর্তী সময়ে কার্যকর করা হবে।
নতুন বেতনকাঠামোতে সরকারি চাকরিজীবীদের সর্বনিম্ন মূল বেতন নির্ধারণ করা হয়েছে ২০ হাজার টাকা। সর্বোচ্চ মূল বেতন নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৬ হাজার টাকা। গত ১ জুলাই থেকে নতুন বেতনকাঠামো কার্যকর হলেও বর্ধিত বেতন ও ভাতা একসঙ্গে বাস্তবায়ন করা হচ্ছে না। বরং ধাপে ধাপে তা কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৬-২৭ ও ২০২৭-২৮ অর্থবছরে পর্যায়ক্রমে নতুন বেতন ও ভাতা বাস্তবায়ন করা হবে। মূল বেতন কার্যকরের ক্ষেত্রে প্রথম ধাপ ধরা হয়েছে গত ১ জুলাই থেকে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত। দ্বিতীয় ধাপ চলবে ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত। তৃতীয় ধাপ নির্ধারণ করা হয়েছে ২০২৭ সালের ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত।
অন্যদিকে, নতুন বেতনকাঠামো অনুযায়ী ভাতা কার্যকর হবে ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে। ফলে মূল বেতন বাড়লেও ওই সময়ের আগে সরকারি চাকরিজীবীরা নতুন কাঠামো অনুযায়ী ভাতা পাবেন না।



