শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা দিয়ে মাইকিং, গ্রেপ্তার ২

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি ও ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ডিসেম্বরে দেশে ফিরবেন বলে মাইকিং করার অভিযোগে নওগাঁর মান্দা উপজেলায় দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে আরও একজনকে আটক করা হয়েছে। মাইকিংয়ে ব্যবহৃত একটি ব্যাটারিচালিত অটোরিকশাও জব্দ করা হয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে উপজেলার কাশোপাড়া এলাকা থেকে ওই দুজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কাশোপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শহিদুল ইসলাম শহীদ এবং মান্দা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল জলিল (৫০)।
থানা-পুলিশ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (২২ অক্টোবর) উপজেলার কালিকাপুর ইউনিয়নে শেখ হাসিনা আগামী ডিসেম্বরে দেশে ফিরবেন বলে মাইকিং করেন কয়েকজন ব্যক্তি। পরে মাইকিংয়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।
ভিডিওতে দেখা যায়, ব্যাটারিচালিত একটি অটোরিকশায় মাইক লাগিয়ে এক যুবক প্রচারণা চালাচ্ছেন। শুরুতে তিনি মান্দা উপজেলাবাসীকে সালাম জানান এবং অন্যান্য ধর্ম ও জাতিগোষ্ঠীর মানুষকে শুভেচ্ছা জানান। এরপর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ডিসেম্বর মাসে দেশে ফিরবেন বলে ঘোষণা দেন। একই সঙ্গে দলমত-নির্বিশেষে সবাইকে তাঁকে স্বাগত জানানোর আহ্বান জানান। মাইকিংয়ের একপর্যায়ে তাঁকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিতেও শোনা যায়।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন বলেন, বিষয়টি পুলিশের নজরে আসার পর বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। এ ঘটনায় গ্রেপ্তার দুজন জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
ওসি আরও বলেন, এ ঘটনায় জড়িত সন্দেহে আরও একজনকে আটক করা হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।



