Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
জাতীয়

ডিভি লটারিতে বাংলাদেশিদের সুযোগ মিলবে কি না, সিদ্ধান্ত আজ

যুক্তরাষ্ট্রের ডাইভারসিটি ভিসা (ডিভি) লটারির ২০২৭ সালের কার্যক্রম নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। মার্কিন আদালতের এক আদেশের পর কর্মসূচিটি চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। তবে এবারের লটারিতে বাংলাদেশিরা আবেদন করতে পারবেন কি না, তা জানতে অপেক্ষা করতে হবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের আনুষ্ঠানিক ঘোষণার জন্য। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) এ বিষয়ে বিস্তারিত নির্দেশিকা প্রকাশের কথা রয়েছে।

যুক্তরাষ্ট্রের ১৯৯০ সালের অভিবাসন আইন অনুযায়ী, যেসব দেশ থেকে ঐতিহাসিকভাবে তুলনামূলক কমসংখ্যক মানুষ যুক্তরাষ্ট্রে অভিবাসনের সুযোগ পান, সেসব দেশের নাগরিকদের জন্য ডাইভারসিটি ভিসা কর্মসূচি চালু করা হয়। সাধারণভাবে এটি ‘গ্রিন কার্ড লটারি’ নামে পরিচিত। এ কর্মসূচির আওতায় প্রতিবছর সর্বোচ্চ ৫৫ হাজার অভিবাসী ভিসা দেওয়ার বিধান রয়েছে।

বাংলাদেশের নাগরিকেরা ২০১২ সাল থেকে এ কর্মসূচির বাইরে রয়েছেন। ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাসের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে বাংলাদেশিদের অভিবাসনের হার বেশি হওয়ায় তাঁদের ডিভি লটারিতে অংশ নেওয়ার সুযোগ বন্ধ হয়ে যায়। এর আগে ২০০৭ থেকে ২০১২ সালের মধ্যে ৫০ হাজারের বেশি বাংলাদেশি এ কর্মসূচির মাধ্যমে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের সুযোগ পেয়েছিলেন।

এবারের লটারিতে যোগ্য দেশের তালিকায় বাংলাদেশের নাম থাকবে কি না, তা নিয়ে আগ্রহী বাংলাদেশিদের মধ্যে অপেক্ষা তৈরি হয়েছে। ২৯ অক্টোবর প্রকাশিতব্য মার্কিন পররাষ্ট্র দপ্তরের নির্দেশিকায় কোন কোন দেশের নাগরিকেরা আবেদন করতে পারবেন, সে বিষয়ে বিস্তারিত জানার কথা।

ডিভি লটারিতে আবেদনের জন্য সাধারণত প্রার্থীদের অন্তত উচ্চমাধ্যমিক বা সমমানের শিক্ষাগত যোগ্যতা থাকতে হয়। বিকল্প হিসেবে নির্দিষ্ট কিছু পেশায় প্রয়োজনীয় সময়ের কাজের অভিজ্ঞতা থাকলেও আবেদনের যোগ্যতা অর্জন করা যায়।

মার্কিন ডিস্ট্রিক্ট কোর্টের বিচারক জিনসুক ওহতা পররাষ্ট্র দপ্তরকে ডিভি লটারির নিবন্ধনপ্রক্রিয়া চালুর নির্দেশ দিয়েছেন। আদালতের নির্দেশ অনুযায়ী, ২৯ অক্টোবরের মধ্যে কর্মসূচির নিবন্ধনসংক্রান্ত সময়সূচি, আবেদনের ওয়েবসাইট ও যোগ্যতার শর্ত প্রকাশ করতে হবে।

নির্দেশনায় ১ নভেম্বরের মধ্যে আবেদন গ্রহণ শুরু করে ৩০ দিন পর্যন্ত তা চালু রাখার কথা বলা হয়েছে। সেই হিসাবে ১ নভেম্বর থেকে আবেদন শুরু হলে ৩০ দিনের নিবন্ধনপ্রক্রিয়া ৩ ডিসেম্বর পর্যন্ত চলার কথা। একই সময়সীমার মধ্যে নির্বাচিত আবেদনকারীদের জানানোর নির্দেশও রয়েছে। তবে এসব সময়সূচি আদালতের নির্দেশের ভিত্তিতে নির্ধারিত। পররাষ্ট্র দপ্তরের আনুষ্ঠানিক ঘোষণা ও পরবর্তী আইনি সিদ্ধান্তের ওপর কার্যক্রমের অগ্রগতি নির্ভর করছে।

২০২৫ সালের শেষ দিকে ২০২৭ সালের ডিভি লটারির নিবন্ধনপ্রক্রিয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। পরে ‘রেড ইগল ল’ নামের একটি আইনি প্রতিষ্ঠান আদালতের শরণাপন্ন হয়। ওই মামলার পরিপ্রেক্ষিতে বিচারক ওহতা পররাষ্ট্র দপ্তরকে কর্মসূচির নিবন্ধন চালুর নির্দেশ দেন।

তবে ট্রাম্প প্রশাসন আদালতের আদেশের বিরুদ্ধে আপিল করেছে এবং আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আদেশের কার্যকারিতা স্থগিত রাখার আবেদনও জানিয়েছে। ফলে নিবন্ধনপ্রক্রিয়া নির্ধারিত সময়সূচি অনুযায়ী এগোবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

ডিভি-২০২৭ কর্মসূচির আওতায় নির্বাচিত ব্যক্তিদের ভিসা প্রক্রিয়া সম্পন্ন করার সময়সীমা ২০২৭ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। তবে বাংলাদেশিরা আবেদন করতে পারবেন কি না, সে বিষয়ে নিশ্চিত হতে মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রকাশিত যোগ্য দেশের তালিকা ও আনুষ্ঠানিক নির্দেশিকা দেখতে হবে।

সম্পর্কিত খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button