জাতীয়

স্বরাষ্ট্রমন্ত্রী-জ্বালানিমন্ত্রী পদত্যাগ না করলে মিছিল বড় হবে: নাহিদ ইসলাম

স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রী পদত্যাগ না করলে আন্দোলনের মিছিল আরও বড় করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম। তিনি বলেছেন, দাবি আদায় না হলে মিছিল নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ঘেরাও করা হবে।

শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ এনসিপির উদ্যোগে আয়োজিত গণবিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন নাহিদ ইসলাম।

সমাবেশে নাহিদ ইসলাম বলেন, গত এক সপ্তাহ ধরে এনসিপির নেতাকর্মীরা ঢাকা শহরের বিভিন্ন এলাকায় গিয়ে মানুষের সঙ্গে কথা বলেছেন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিদ্যুৎ ও গ্যাসের সংকট এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। দেশের মানুষের নিরাপত্তা নেই বলেও মন্তব্য করেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগ দাবি করে নাহিদ ইসলাম বলেন, তাঁদের ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করতে হবে। তাঁরা পদত্যাগ না করলে আন্দোলনের মিছিল আরও বড় হবে। দাবি আদায়ে মিছিল নিয়ে তারেক রহমানকে ঘেরাও করা হবে।

সংবিধান সংস্কারের উদ্যোগ নিয়েও সমালোচনা করেন এনসিপির আহ্বায়ক। তিনি বলেন, সংবিধান সংস্কারের জন্য যে কমিটি গঠন করা হয়েছে, তা বাতিল করে সংবিধান সংস্কার পরিষদ গঠন করতে হবে।

তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, দেশ পরিচালনায় বিএনপির কোনো পরিকল্পনা দেখা যাচ্ছে না। তাদের পরিকল্পনা দুর্নীতি, চাঁদাবাজি ও দখলবাজি ঘিরে। বিএনপির মধ্যে নব্য স্বৈরাচারের উত্থান দেখা যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

সমাবেশে নাহিদ ইসলাম আরও বলেন, আগামী ডিসেম্বরে পতিত স্বৈরাচার দেশে ফিরবে বলে আলোচনা হচ্ছে। বিএনপি অতীতে নিজেদের নেতাকর্মীদেরই রক্ষা করতে পারেনি। তারা কীভাবে দেশের জনগণকে নিরাপত্তা দেবে, সেই প্রশ্নও তোলেন তিনি।

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে অভিযোগ করে নাহিদ ইসলাম বলেন, সীমান্তে হত্যা, হিন্দু সম্প্রদায়কে ঘিরে ষড়যন্ত্র এবং পাহাড়ে অশান্তি তৈরির মাধ্যমে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button