
বাংলাদেশ বিমানের ঊর্ধ্বতন ১০ কর্মকর্তাকে একসঙ্গে বদলি, সংযুক্তি ও অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। সোমবার (৫ অক্টোবর) বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রশাসন ও মানবসম্পদ পরিদপ্তরের পার্সোনেল শাখা থেকে এ–সংক্রান্ত আদেশ জারি করা হয়।
আদেশ অনুযায়ী, এয়ারপোর্ট সার্ভিসেসের মহাব্যবস্থাপক শাহনুর আহমেদকে মহাব্যবস্থাপক (গ্রাহকসেবা) পদে বদলি করা হয়েছে। পাশাপাশি তাঁকে মহাব্যবস্থাপক (জনসংযোগ) পদে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।
এতদিন মহাব্যবস্থাপক (গ্রাহকসেবা) এবং অতিরিক্ত দায়িত্বে মহাব্যবস্থাপক (জনসংযোগ) হিসেবে দায়িত্ব পালন করা মহিউদ্দিন আহমেদকে মহাব্যবস্থাপক (এয়ারপোর্ট সার্ভিসেস) পদে বদলি করা হয়েছে।
অন্য একটি আদেশে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সংযুক্ত মহাব্যবস্থাপক বোসরা ইসলামকে পরিচালক (প্রশাসন ও মানবসম্পদ)-এর কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।
স্টোর অ্যান্ড ম্যাটেরিয়াল ম্যানেজমেন্টের মহাব্যবস্থাপক ইকবাল আহমেদ আলিজাকে মহাব্যবস্থাপক (কার্গো) পদে দায়িত্ব দেওয়া হয়েছে। আর পার্সোনেল বিভাগের উপমহাব্যবস্থাপক খন্দকার বাকী উদ্দিন আহমেদকে তাঁর মূল দায়িত্বের পাশাপাশি ভারপ্রাপ্ত মহাব্যবস্থাপক হিসেবে স্টোর অ্যান্ড ম্যাটেরিয়াল ম্যানেজমেন্ট বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে।
পোল্ট্রি কমপ্লেক্সের মহাব্যবস্থাপক এ এইচ এম শফিউল বারীকে মহাব্যবস্থাপক (প্রশাসন ও মানবসম্পদ) পদে বদলি করা হয়েছে।
উপমহাব্যবস্থাপক (প্রশাসন) মো. জহুরুল আলমকে উপমহাব্যবস্থাপক (মানবসম্পদ) পদে বদলি করা হয়েছে। একই সঙ্গে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতাসহ তাঁকে উপমহাব্যবস্থাপক (পার্সোনেল) পদে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।
এ ছাড়া বোয়িং ৭৮৭ উড়োজাহাজের ক্যাপ্টেন শেখ আব্বাস হোসেনকে তাঁর মূল দায়িত্বের পাশাপাশি আর্থিক ও প্রশাসনিক ক্ষমতাসহ মহাব্যবস্থাপক (পরিকল্পনা), করপোরেট প্ল্যানিং অ্যান্ড ট্রেনিং পরিদপ্তরের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।
উপমহাব্যবস্থাপক (হিসাব) এম এম আরিফুর রহমানকে করপোরেট প্ল্যানিং অ্যান্ড ট্রেনিং পরিদপ্তরের উপমহাব্যবস্থাপক পদে দায়িত্ব দেওয়া হয়েছে।
আর বিএফসিসির উপমহাব্যবস্থাপক এ জেড এম আরিফকে উপমহাব্যবস্থাপক (পোল্ট্রি কমপ্লেক্স) পদে বদলি করা হয়েছে।



