
চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল পুনর্মূল্যায়নের জন্য ১০ লাখ ৮৭ হাজার ৪১৩টি উত্তরপত্রের আবেদন জমা পড়েছে। এসব আবেদন করেছেন ১১টি শিক্ষা বোর্ডের ২ লাখ ৯১ হাজার ২০৯ জন শিক্ষার্থী। আগামী ২৩ নভেম্বর পুনর্মূল্যায়নের ফল প্রকাশ করা হবে।
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) জানায়, ইংরেজি ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি)সহ বিভিন্ন বিষয়ে উত্তরপত্র পুনর্মূল্যায়নের আবেদন করেছেন শিক্ষার্থীরা। এর মধ্যে শুধু ঢাকা শিক্ষা বোর্ডেই আবেদন জমা পড়েছে ৩ লাখ ৩৫ হাজার ৮৭৯টি।
ঢাকা বোর্ডের পরিসংখ্যান অনুযায়ী, ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্রে ৪২ হাজার ২টি করে আবেদন জমা পড়েছে। আইসিটি বিষয়ে আবেদন এসেছে ৩৮ হাজার ৭৫টি। বোর্ডটিতে এই তিনটি পত্রে সবচেয়ে বেশি পুনর্মূল্যায়নের আবেদন করা হয়েছে।
ইংরেজি ও আইসিটিতে পাসের হার কম হওয়ার কারণ ব্যাখ্যা করে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বলেন, গত দুই বছর ধরে পরীক্ষা গ্রহণ ও মূল্যায়ন পদ্ধতি সম্পূর্ণ বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ করা হয়েছে। পাশাপাশি শিক্ষক সংকটও একটি বড় কারণ। অনেক কলেজে পর্যাপ্ত আইসিটি শিক্ষক নেই। এমনকি সরকারি কলেজেও বিষয়ভিত্তিক শিক্ষক না থাকায় অন্য বিষয়ের শিক্ষকদের দিয়ে আইসিটি পড়ানো হয়।
তিনি আরও বলেন, বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের কাছে আইসিটি সহজবোধ্য হলেও মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের জন্য এ বিষয়ের সিলেবাস বেশ কঠিন।
ঢাকা বোর্ডের বিষয়ভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে, বাংলা প্রথম ও দ্বিতীয় পত্রে ২৪ হাজার ৮৫৮টি করে পুনর্মূল্যায়নের আবেদন জমা পড়েছে। বিজ্ঞান বিভাগের মধ্যে রসায়ন প্রথম ও দ্বিতীয় পত্রে ১৮ হাজার ৪৮২টি করে এবং জীববিজ্ঞান প্রথম ও দ্বিতীয় পত্রে ১৫ হাজার ৭৫৭টি করে আবেদন করা হয়েছে।
মানবিক বিভাগের পৌরনীতি ও সুশাসন প্রথম ও দ্বিতীয় পত্রে ৩ হাজার ৫৭১টি করে এবং সমাজকর্মে ১ হাজার ৯৯৭টি আবেদন জমা পড়েছে। ব্যবসায় শিক্ষা বিভাগের হিসাববিজ্ঞান প্রথম ও দ্বিতীয় পত্রে ৩ হাজার ৮২৭টি করে এবং ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনায় ২ হাজার ৩৩১টি উত্তরপত্র পুনর্মূল্যায়নের আবেদন করা হয়েছে।
চলতি বছর ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেন ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন শিক্ষার্থী। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। সার্বিক পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন, যা উত্তীর্ণ শিক্ষার্থীদের ৬ দশমিক ২ শতাংশ।
কাঙ্ক্ষিত ফল না পেয়ে শিক্ষার্থীরা পুনর্মূল্যায়নের আবেদন করেন। আবেদন জমা দেওয়ার শেষ সময় ছিল রোববার দুপুর ১২টা পর্যন্ত।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান জানিয়েছেন, আগামী ২৩ নভেম্বর পুনর্মূল্যায়নের ফল প্রকাশ করা হবে।
এর আগে চলতি বছরের এসএসসি পরীক্ষার ফল পুনর্মূল্যায়নে ৪ লাখ ২ হাজার ৫২ জন শিক্ষার্থী ১২ লাখ ৮৭ হাজার ৯২৬টি পত্রের জন্য আবেদন করেছিলেন। পুনর্মূল্যায়নে ফেল থেকে পাস করেন ৪ হাজার ৫৮৫ জন। নতুন করে জিপিএ-৫ পান ৩ হাজার ৭৯ জন এবং গ্রেড পরিবর্তন হয় প্রায় ৪৫ হাজার শিক্ষার্থীর।



