জাতীয়

৩০ হাজার টাকায় শিশু বিক্রি, উদ্ধার করল প্রশাসন

অভাব-অনটন ও স্বামীর অবহেলার কথা জানালেন মা

 

বাগেরহাটের মোরেলগঞ্জে অভাব-অনটন ও স্বামীর অবহেলার অভিযোগে ৩০ হাজার টাকার বিনিময়ে ১৫ মাস বয়সী শিশুপুত্রকে অন্যের হাতে তুলে দেওয়ার ঘটনা ঘটেছে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) হস্তক্ষেপে শিশুটিকে উদ্ধার করা হয়েছে।

আজ শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাবিবুল্লাহর বাসভবনে শিশুটির মা এবং শিশুটিকে নেওয়া পক্ষকে হাজির করা হয়। এর আগে বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যায় মোরেলগঞ্জ উপজেলার বারইখালী গ্রামে এ ঘটনা ঘটে।

শিশুটির মা অনিকা আক্তার ওই গ্রামের পলাশ শেখের মেয়ে। প্রায় দুই বছর আগে চট্টগ্রামে হাসান চৌধুরী নামে এক যুবকের সঙ্গে তাঁর বিয়ে হয়। তাঁদের সংসারে আলামিন নামে এক পুত্রসন্তানের জন্ম হয়। বর্তমানে শিশুটির বয়স এক বছর তিন মাস।

অভিযোগ অনুযায়ী, বিয়ের পর থেকে স্বামী তাঁর ও সন্তানের যথাযথ খোঁজখবর রাখতেন না। এতে সংসারে আর্থিক সংকট দেখা দেয়। পাশাপাশি অসুস্থ হয়ে পড়ায় চরম অসহায়ত্বের মধ্যে সন্তানকে ৩০ হাজার টাকার বিনিময়ে অন্যের হাতে তুলে দেন তিনি।

প্রাপ্ত তথ্যমতে, শিশুটিকে বাগেরহাটের মোংলা উপজেলার ন্যবোর বাসিন্দা শহিদুলের স্ত্রী নুরজাহান বেগম নিয়েছিলেন।

শিশুটির মা অনিকা আক্তার বলেন, তিনি জটিল রোগে আক্রান্ত। অভাব-অনটনের কারণে সন্তানের ভরণপোষণ করতে পারছেন না। তাঁর ভাষ্য, ছেলেকে যেখানে ভালো রাখা হবে, সেখানেই দিতে চান তিনি।

অনিকের বাবা পলাশ শেখ জানান, তিনি নিজেও বয়স্ক ও বিভিন্ন রোগে আক্রান্ত। নিজের চিকিৎসার খরচ জোগাড় করতেই তাঁকে হিমশিম খেতে হয়। এ অবস্থায় মেয়ে ও নাতির ভরণপোষণের দায়িত্ব নেওয়া তাঁর পক্ষে কঠিন।

এ বিষয়ে মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাবিবুল্লাহ বলেন, শিশুটিকে উদ্ধার করা হয়েছে। আইনগতভাবে এভাবে শিশু বিক্রির কোনো সুযোগ নেই। আপাতত আর্থিক সহযোগিতা দিয়ে শিশুটিকে মায়ের জিম্মায় দেওয়া হবে। পরবর্তী সময়ে আইনগত প্রক্রিয়া অনুসরণ করে শিশুটিকে নেওয়ার আবেদনকারীদের বিষয়টি যাচাই-বাছাই করে ব্যবস্থা নেওয়া হবে।

শিশুর নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে পরবর্তী সময়ে প্রশাসন কী পদক্ষেপ নেয়, সেটিই এখন গুরুত্বপূর্ণ।

সম্পর্কিত খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button