ডিবির হেফাজতে সাঈদ খোকন, দুপুরে আদালতে তোলার কথা
এক মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে সাঈদ খোকনকে, চলছে ডিবির জিজ্ঞাসাবাদ

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনকে গ্রেপ্তারের পর ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কাছে হস্তান্তর করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
মঙ্গলবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করার কথা জানিয়েছে ডিবি।
আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৭টার দিকে রাজধানীর বারিধারার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে সকালে তাকে ডিবির কাছে হস্তান্তর করা হয় বলে জানান এসআরবির লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক এম জেড এম ইন্তেখাব চৌধুরী।
তিনি জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর করা হয়েছে। পরবর্তী আইনগত পদক্ষেপ নেবে ডিবি।
ডিবির অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম জানান, সাঈদ খোকনের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় করা মামলাসহ একাধিক মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। দুপুরে আদালতে সোপর্দ করা হবে।
উল্লেখ্য, অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ হানিফের ছেলে সাঈদ খোকন ২০১৫ সালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হন। পরবর্তী নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পাননি। ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৬ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।
জুলাই গণঅভ্যুত্থানের পর ২০২৪ সালের ২৩ ডিসেম্বর আদালত সাঈদ খোকন ও তার পরিবারের সদস্যদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন।



