মালয়েশিয়ায় বিনা খরচে চাকরি, বোয়েসেলের হাতে ১১০৩ কর্মীর চাহিদাপত্র!
সরকারি ব্যবস্থাপনায় কোনো অভিবাসন ব্যয় ছাড়াই মালয়েশিয়ায় কর্মী পাঠানোর উদ্যোগে নতুন করে গতি এসেছে। এ কর্মসূচির আওতায় এখন পর্যন্ত ১ হাজার ১০৩ জন বাংলাদেশি কর্মী নিয়োগের চাহিদাপত্র পেয়েছে রাষ্ট্রীয় মালিকানাধীন জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)।
এর মধ্যে নতুন করে ৫৩৫ জনের চাহিদাপত্র এসেছে। আর প্রথম পর্যায়ে পাওয়া ৫৬৮ জনের নিয়োগ কার্যক্রম চলমান রয়েছে।
বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রথম পর্যায়ের কর্মীদের মধ্যে ইতোমধ্যে ৩০০ জনের স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হয়েছে।
তাঁদের মধ্যে ৭০ জনের কলিং ভিসাও পাওয়া গেছে। সব প্রক্রিয়া ঠিকভাবে এগোলে চলতি নভেম্বর মাসের শেষ দিকে মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু হতে পারে।
সরকারের পরিকল্পনা অনুযায়ী, বোয়েসেলের মাধ্যমে পর্যায়ক্রমে মোট ১০ হাজার বাংলাদেশি কর্মীকে সম্পূর্ণ বিনা অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় পাঠানো হবে।
মালয়েশিয়ার নিয়োগদাতাদের কাছ থেকে চাহিদাপত্র পাওয়ার ভিত্তিতে এ নিয়োগ কার্যক্রম পরিচালিত হচ্ছে। ফলে ১ হাজার ১০৩ জনের চাহিদাপত্র পাওয়া গেলেও তাঁদের সবার নিয়োগ ও বিদেশযাত্রা চূড়ান্ত হয়েছে এমন নয়।
নিয়োগদাতার নির্বাচন, স্বাস্থ্য পরীক্ষা, ভিসা এবং প্রয়োজনীয় সরকারি অনুমোদনসহ সংশ্লিষ্ট ধাপগুলো সম্পন্ন করতে হবে।
বিনা খরচে কর্মী পাঠানোর উদ্যোগের প্রথম পর্যায়ে মালয়েশিয়ার লজিস্টিকস প্রতিষ্ঠান ডিএইচএল সাপ্লাই চেইন (মালয়েশিয়া) এসডিএন. বিএইচডিতে কর্মী নিয়োগের কার্যক্রম শুরু হয়।
গত ২ নভেম্বর প্রতিষ্ঠানটির কাছ থেকে কর্মী নিয়োগের চাহিদাপত্র পায় বোয়েসেল। এরপর ৫ নভেম্বর অনলাইনে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তির বিপরীতে ৬ থেকে ৮ নভেম্বর পর্যন্ত মোট ৪ হাজার ২৯টি আবেদন জমা পড়ে। আবেদনকারীদের মধ্য থেকে স্বচ্ছতা ও সমান সুযোগ নিশ্চিত করতে অনলাইন সফটওয়্যারের মাধ্যমে লটারি করে প্রাথমিকভাবে ৩০০ জনকে বাছাই করা হয়।
তাঁদের মধ্যে ২০০ জন অপারেশনস অ্যাসিস্ট্যান্ট এবং ১০০ জন টেকনিক্যাল স্কিল ওয়ার্কার পদের জন্য প্রাথমিকভাবে নির্বাচিত হন।
পরবর্তী সময়ে মালয়েশিয়ার নিয়োগদাতা প্রতিষ্ঠানের প্রতিনিধিদল ঢাকায় এসে প্রার্থীদের ব্যবহারিক দক্ষতা ও যোগ্যতা যাচাই করে সাক্ষাৎকার নেয়।
প্রাথমিকভাবে ১১২ জন নিয়োগের পরিকল্পনা থাকলেও পরে ডিএইচএল তাদের নিয়োগের লক্ষ্যমাত্রা বাড়িয়ে ১৫০ জনে উন্নীত করে। নিয়োগদাতা প্রতিষ্ঠানের প্রতিনিধিরাই চূড়ান্ত প্রার্থী নির্বাচন করছেন।
বোয়েসেলের পক্ষ থেকে জানানো হয়েছে, এ কর্মসূচিতে কর্মীদের কোনো অভিবাসন ব্যয় বহন করতে হবে না। নিয়োগদাতা প্রতিষ্ঠানই সরকার নির্ধারিত অভিবাসন-সংক্রান্ত খরচ পরিশোধ করবে। বোয়েসেলও কর্মী বা নিয়োগদাতার কাছ থেকে কোনো অভিবাসন ব্যয় কিংবা সার্ভিস চার্জ নেবে না।
এ বিষয়ে বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক আগে জানিয়েছেন, যোগ্য ও দক্ষ কর্মীরা যেন অর্থের অভাবে বিদেশে চাকরির সুযোগ থেকে বঞ্চিত না হন, সেটিই এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।
নিয়োগ প্রক্রিয়ায় কোনো ব্যক্তি বা মধ্যস্থতাকারী অর্থ দাবি করলে তা এড়িয়ে চলার পরামর্শও দিয়েছেন তিনি। অনৈতিক লেনদেনের প্রমাণ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি।
আরও পড়ুনঃ অবশেষে চালু হলো মালয়েশিয়াগামী কর্মীদের পূর্ণাঙ্গ মেডিকেল পরীক্ষা
মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের জন্য নিরাপদ ও সাশ্রয়ী কর্মসংস্থানের সুযোগ তৈরির অংশ হিসেবে সরকার ১০ হাজার কর্মী বিনা অভিবাসন ব্যয়ে পাঠানোর পরিকল্পনা নিয়েছে।
তবে এই উদ্যোগ বাস্তবায়ন নির্ভর করছে মালয়েশিয়ার বিভিন্ন নিয়োগদাতার চাহিদাপত্র পাওয়ার ওপর। পাশাপাশি চাহিদাপত্রের সত্যতা যাচাই এবং মালয়েশিয়ায় অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের সত্যায়ন সম্পন্ন হওয়ার পর পর্যায়ক্রমে কর্মী পাঠানোর প্রক্রিয়া এগোবে।
প্রবাসী কর্মীদের জন্য এ উদ্যোগ গুরুত্বপূর্ণ হলেও চাকরিপ্রার্থীদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে বোয়েসেল। নিয়োগের নামে কাউকে টাকা না দেওয়া, অননুমোদিত ব্যক্তি বা দালালের সঙ্গে আর্থিক লেনদেন না করা এবং বোয়েসেলের সরকারি বিজ্ঞপ্তি ও নির্দেশনা অনুসরণ করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
সব প্রক্রিয়া নির্ধারিত সময়ে সম্পন্ন হলে নভেম্বরের শেষ দিকে প্রথম পর্যায়ের কর্মীদের মালয়েশিয়ায় যাত্রা শুরু হতে পারে। এতে দীর্ঘদিন ধরে বিদেশে কর্মসংস্থানের অপেক্ষায় থাকা বাংলাদেশিদের জন্য নতুন সম্ভাবনা তৈরি হবে।




একটি মন্তব্য