
আন্তর্জাতিক সম্মেলন ‘বে অব বেঙ্গল কনভারসেশন (বিওবিসি) ২০২৬’-এ যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (৩ অক্টোবর) সকালে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে শুরু হয়েছে তিন দিনব্যাপী এ সম্মেলন। সেখানে যোগ দেন প্রধানমন্ত্রী।
কিছুক্ষণের মধ্যে সম্মেলনের উদ্বোধন করবেন তিনি। এরপর উদ্বোধনী অধিবেশনে বক্তব্য দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজের (সিজিএস) আয়োজনে এবার পঞ্চমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে ‘বে অব বেঙ্গল কনভারসেশন’। ৩ থেকে ৫ অক্টোবর চলবে এবারের আয়োজন।
আয়োজকদের তথ্য অনুযায়ী, সম্মেলনে শতাধিক দেশের প্রায় ২০০ বক্তা, ৩০০-এর বেশি প্রতিনিধি এবং এক হাজারের বেশি অংশগ্রহণকারী যোগ দিচ্ছেন।
তিন দিনব্যাপী সম্মেলনে ভূরাজনীতি ও নিরাপত্তা, প্রযুক্তি, বাণিজ্য ও সংযোগ, জলবায়ু পরিবর্তন, মানব নিরাপত্তা, গণতন্ত্র ও সুশাসনসহ সমসাময়িক আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব গাজী শাহরিয়ার পামির এ তথ্য জানান।



