
কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়া এক কয়েদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেছেন।
মারা যাওয়া ওই কয়েদির নাম মো. সুজন। তাঁর বয়স ৪৬ বছর। তিনি কিশোরগঞ্জের নিকলী উপজেলার গোড়ই এলাকার সিরাজ মিয়ার ছেলে।
রোববার (৪ অক্টোবর) বিকেল ৪টার দিকে কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সুজন। পরে কারারক্ষীরা তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
কারারক্ষী আল-আমিন জানান, সুজনের কয়েদি নম্বর ৬৩১৬/এ এবং মামলা নম্বর ৫২৯৫/২৬ (সিআর)। কারাগারে থাকা অবস্থায় তিনি বুকে ব্যথা অনুভব করেন। এরপর তাঁকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে সুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি কারা কর্তৃপক্ষকেও জানানো হয়েছে।
হাবিবুর রহমান বলেন, একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হবে। এরপর মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হবে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।



